এক দিন মাছ দিয়ে খেলে অন্যদিন আলুভর্তা খেতে হয়
পুরান ঢাকায় স্বল্পমূল্যে টিসিবির দেওয়া সব কটি পণ্য কিনতে পারছেন না অনেকে। ভাগ করে কেউ কিনছেন চিনি, কেউ তেল, কেউ ডাল, কেউবা পেঁয়াজ। দুজন-তিনজন মিলে ভাগ করে কিনছেন পণ্যগুলো।
আজ বুধবার দক্ষিণ সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের পাতলা খান লেনে এমন দৃশ্য দেখা গেল, যাঁরা টিসিবির ট্রাকে লাইনে দাঁড়িয়ে পণ্য কিনে পরে অন্যদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।
তাঁদের একজন মো. রায়হান। সদরঘাটে একটি ফলের আড়তে কাজ করেন। দিনমজুর রায়হান তিন দিনের জন্য এক দিন বাজার করেন। রায়হান বললেন, আড়তমালিককে বলে নামাজের পর কিছু সময় ছুটি নিয়েছেন। চিনি ও ডাল নিজে রাখবেন। আরেক বন্ধুকে পেঁয়াজ ও তেল দিয়ে দেবেন। কারণ, দুই লিটার তেল কেনার সামর্থ্য তাঁর নেই। তাঁর তিন দিনের জন্য ২৫০ গ্রাম তেল কেনার সামর্থ্য আছে।
সদরঘাটের নৈশপ্রহরীর কাজ করেন জামাল উদ্দিন। গ্রাম থেকে চার সদস্যের পুরো পরিবার নিয়ে গত সাত বছর তিনি পাতলা খান লেনে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকছেন। তিনি বললেন, খরচ আগের থেকে অনেক কমিয়ে নেওয়া হয়েছে। সামনে পবিত্র রমজান মাস। তাই বেতনের কিছু টাকা জমিয়ে তেল ও চিনি নিজের কাছে রেখে দেবেন। আরেক পরিবারের কাছ থেকে ডাল ও পেঁয়াজ কেনার জন্য টাকা নিয়ে এসেছেন। মাসে এক–দুবার তিনি টিসিবি থেকে পণ্য কিনে ভাগ করে নেন।
যা দেখা গেল বেলা একটার পর টিসিবির পণ্য নিয়ে আসে একটি ট্রাক। ট্রাকটি দেখতে পেয়ে আশপাশে থাকা দরিদ্র ও মধ্যবিত্ত মানুষ ট্রাকের পেছনে লাইনে দাঁড়িয়ে পড়েন। অনেকেই বাড়ির ও পরিচিত অন্যদের খবর দেন।
লাইনে শৃঙ্খলা রাখতে এবং কেউ যেন পণ্য একাধিকবার নিতে না পারেন, সে জন্য সিটি করপোরেশনের সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরের স্বেচ্ছাসেবক পরিচয়ে কয়েকজন দেখভাল করছিলেন। তাঁরা লাইনে দাঁড়িয়ে থাকা লোকদের হাতে জাতীয় পরিচয়পত্র দেখে এলাকার ভোটারদের সিরিয়াল নম্বর দিচ্ছিলেন। যাঁদের ভোট ৪৩ নম্বর ওয়ার্ডে ছিল না, তাঁদের বেরিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছিলেন।
স্বেচ্ছাসেবকেরা কাউন্সিলরের লোক কি না, তা জানতে কাউন্সিলরকে একাধিকবার ফোন করা হলেও ধরেননি।
পাতলা খান লেনের ওই জায়গায় দেখা যায় পুরুষদের থেকে নারীদের উপস্থিতি বেশি। অন্তত ১০ জন নারীর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা সবাই নিম্ন আয়ের মানুষ। অনেকে মানুষের বাসায় রান্নার কাজ করেন। যাঁদের বয়স একটু বেশি, তাঁদের ছেলেমেয়ে আশপাশের বিভিন্ন কাগজ বা ছাপা কারখানায় কাজ করে থাকেন।
লাভলী আক্তারের পরিবারের সদস্য পাঁচজন। দুই ছেলে রিকশা চালান। নিজেও মানুষের বাসায় কাজ করেন। ঘরে ছেলেদের দুই বউ, সবার একসঙ্গে রান্না হয়। লাভলী আক্তার বললেন, ‘পরিবারে তিনজন আয় করে সামলে ওঠা সম্ভব হয় না। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় এখন অনেক কঠিন হিসাব করে চলতে হচ্ছে। এক দিন যদি মাছ দিয়ে ভাত খাই, অন্যদিন আলুভর্তা খেতে হয়।’
ইয়াসমিন আক্তার মানুষের বাসায় রান্নার কাজ করেন। তাঁর মাসিক আয় ছয় হাজার টাকা। পরিবারের সদস্য চারজন। ইয়াসমিন আক্তার বললেন, আগে তাঁর রান্নার জন্য মাসে তিন লিটার তেল প্রয়োজন হতো। এখনো তিন লিটার তেলের প্রয়োজন। এটা কমানোর কোনো উপায় নেই। তাই বুদ্ধি করে টিসিবির লাইনে দাঁড়িয়ে পণ্য কেনার চেষ্টা করেন। এতে বাকিটুকু সাশ্রয় করতে তাঁর সুবিধা।
টিসিবি ডিলারের প্রতিনিধি মো. শাকিল প্রথম আলোকে বলেন, তাঁরা আড়াই শ ব্যক্তিকে পণ্য দিতে পারবেন। সবাইকে বাধ্যতামূলক দুই কেজি পেঁয়াজ নিয়ে অন্য সামগ্রীগুলো কিনতে হবে। পণ্য বিক্রি করতে তেমন কোনো অসুবিধা হচ্ছে না তাঁদের।