এক দোকানেই পুড়ল পাঁচজনের 'কপাল'

২০ বছর ধরে গুলশান কাঁচাবাজার সুপারমার্কেটে নিজের দোকান চালান মো. জামাল হোসেন। এই দোকানের আয় দিয়েই তাঁর পরিবার ও চার কর্মচারীর পরিবার চলে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুন লাগার খবর পেয়ে মার্কেটে ছুটে আসেন জামাল হোসেন ও তাঁর কর্মচারীরা। দোকান থেকে কোনো কিছুই তাঁরা বের করতে পারেননি। এমনকি নগদ টাকাও না।
ব্যবসায়িক ক্ষতির হিসাব কষে মুষড়ে পড়েছেন জামাল হোসেন। প্রথম আলোর সঙ্গে কথা বলার সময় বারবার ভিজে উঠছিল তাঁর চোখ। তিনি বলেন, ‘ক্যাশে নগদ ছিল সাড়ে পাঁচ লাখ টাকা। আড়াইটায় আগুনের খবর পেয়ে চাবি নিয়ে দৌড়ে এসেছি। ভাবলাম, ক্যাশ থেকে টাকাটা নিয়ে আসতে পারলেও সেভ হয়। কিন্তু কিছুই বের করতে পারি নাই।’
এই দোকানমালিক জানান, তাঁর এক ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ে। আরেক ছেলের বয়স ১৮ মাস। মেসার্স জামাল এন্টারপ্রাইজ নামে তাঁর দোকানে মূলত টকদই, মালাই, মোরব্বা, মাওয়া বিক্রি হয়। বড় বড় অনুষ্ঠানে এখান থেকে ফরমাশ অনুযায়ী এসব খাদ্যপণ্য সরবরাহ করে থাকেন। খুচরাও বিক্রি করেন।
গত মাসেই দোকানের মালপত্র কেনার জন্য একটি বেসরকারি ব্যাংক থেকে ছয় লাখ টাকা ঋণ নিয়েছেন উল্লেখ করে জামাল হোসেন বলেন, ৩০ হাজার ৫০০ টাকা করে ২৪ মাসের মাসিক কিস্তিতে এই টাকা ঋণ নিয়েছেন। তিনি বলেন, ‘ঋণের মাত্র এক কিস্তি দিছি। স্টাফ ও নিজের বাড়িভাড়ার ২৭ হাজার টাকা এখনো দিতে পারি নাই। ইনকামের একমাত্র উপায় ছিল এই দোকান। কী করব, বুঝতেছি না।’
গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর গুলশান ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। আগুনে মার্কেটের একাংশ ধসে পড়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করছে।