এক ধাপ এগিয়েছে ঢাকা সিটি কলেজ
গতবারের চেয়ে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থান পেয়েছে ঢাকা সিটি কলেজ। ফলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মীসহ সবার মধ্যে উচ্ছ্বাসের মাত্রাও ছিল খানিকটা বেশি। জিপিএ-৫ পাওয়ার দিক থেকে কলেজটি এবার সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে আছে।কলেজে এবার মোট দুই হাজার ২৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন দুই হাজার ২২০ জন। জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ২৮০ জন। গড় পাসের হার ৯৯ দশমিক ৩৩ শতাংশ।ব্যবসায় শিক্ষায় এক হাজার ২৯১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন এক হাজার ২৮৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৭১৭ জন। এ বিভাগে গড় পাসের হার ৯৯ দশমিক ৭৭ শতাংশ।বিজ্ঞান বিভাগে মোট ৮১১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০৪ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৫৫০ জন।মানবিক বিভাগে ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১২৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন। কলেজটিতে এবার মোট অকৃতকার্য হয়েছেন ১৩ জন।গতবার ঢাকা বোর্ডে সিটি কলেজ সপ্তম স্থান অধিকার করেছিল।সাফল্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে জানালেন, এখানে সারা বছরই শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষা দিতে হয়। শিক্ষকদের তত্ত্বাবধানে পরীক্ষাসহ বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার ফলে তাঁদের পরীক্ষার প্রস্তুতি হয়ে যায় অনেক আগেই।উপাধ্যক্ষ মো. শাহজাহান খান প্রথম আলোকে জানান, শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করেছেন বলেই এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। শিক্ষকদের পক্ষ থেকে যাতে নিয়মিত ক্লাস ও পরীক্ষা হয়, তার নজরদারি করা হয়েছে। রাজনীতিমুক্ত কলেজটিতে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ রয়েছে। সব মিলিয়ে খারাপ ফলের খুব একটা সুযোগ থাকে না।কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, ১৩ অকৃতকার্য পরীক্ষার্থীর কেউ পরীক্ষায় অংশগ্রহণ করে খারাপ ফল করেনি। তাঁদের সবাই শেষ পর্যন্ত পরীক্ষা দেননি। সানজানা হক, সুরাইয়া আক্তার, ফারহানা আহমেদসহ যাঁরা জিপিএ-৫ পেয়েছেন, তাঁদের উচ্ছ্বাস যেন থামতেই চাইছিল না। তাঁদের ভাষায়, কলেজের শিক্ষকদের ‘গাইডলাইন’ মেনে চলার ফলেই এ রকম ভালো ফল করা সম্ভব হয়েছে।