এক প্রকল্পের জন্য বিজ্ঞপ্তি দিয়ে অন্য প্রকল্পে নিয়োগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) জাকিয়া ইয়াসমিন জোয়ারদার এক প্রকল্পের জন্য পরীক্ষা দিয়ে অকৃতকার্য হন। কিন্তু তার পরও তিনি অন্য প্রকল্পে নিয়োগ পান। অধিদপ্তরের মহিলা উন্নয়নে সচেতনতা বৃদ্ধি ও তথ্যাদি সমৃদ্ধিকরণ প্রকল্প থেকে রাজস্ব বাজেটে স্থানান্তরিত উপপরিচালক পদে পদায়ন করা জাকিয়া ইয়াসমিনের চাকরি নিয়মিত করা না হলেও রাজস্ব খাত থেকে প্রতি মাসে বেতন-ভাতাদি নেওয়ায় রাজস্ব ক্ষতির পরিমাণ বাড়ছে। অধিদপ্তরের নিরীক্ষা আপত্তিতেও ২০০৬ সালের নভেম্বর মাস থেকে জাকিয়া ইয়াসমিনের অনিয়মিত চাকরিকালের অতিরিক্ত বাবদ প্রায় চার লাখ ৭৪ হাজার ৫১৮ টাকার আর্থিক ক্ষতির বিষয়টি উল্লেখ করা হয়েছে। এর পরও তাঁকে গুরুত্বপূর্ণ পদে রাখায় অধিদপ্তরের অন্য কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কর্মজীবী মহিলাদের শিশুদের জন্য দিবাযত্ন কর্মসূচি প্রকল্পের প্রকল্প পরিচালক পদে নিয়োগের জন্য জারি করা বিজ্ঞপ্তি দিয়েই মহিলা উন্নয়নে সচেতনতা বৃদ্ধি ও তথ্যাদি সমৃদ্ধিকরণ প্রকল্পে জাকিয়া ইয়াসমিনকে প্রকল্প পরিচালক পদে নিয়োগ দেওয়া হয় ১৯৯২ সালে। সরকারি কর্মকমিশন (পিএসসি) জাকিয়া ইয়াসমিনের কাগজপত্র ও বার্ষিক গোপনীয় প্রতিবেদন পরীক্ষা করে চাকরি নিয়মিতকরণের সুপারিশ করা যায় না বলে জানিয়ে দিয়েছে।গত ২৯ জুন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব লায়লা জেসমিন স্বাক্ষরিত এক চিঠিতে অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। জাকিয়া ইয়াসমিনের চাকরি নিয়মিতকরণের বিষয়ে পিএসসি ও মন্ত্রণালয়ের মধ্যে এ ধরনের চিঠি বিনিময় হচ্ছে ২০০৫ সাল থেকে।জাকিয়া ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ‘আমি এক প্রকল্পে নিয়োগের জন্য পরীক্ষা দিই। সেই পরীক্ষায় দ্বিতীয় হই। কিন্তু সরকার আমাকে অন্য প্রকল্পে নিয়োগ দিয়েছে। এখানে আমার অপরাধ কোথায়? এখন সরকারের দায়িত্ব চাকরি নিয়মিত করা।’তবে অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানান, জাকিয়া ইয়াসমিন প্রথম যে বিজ্ঞপ্তির মাধ্যমে চাকরির জন্য পরীক্ষা দেন, তাতে তিনি অকৃতকার্য হন। তৎকালীন মহাপরিচালকের সঙ্গে আত্মীয়তা সূত্রে সেই বিজ্ঞপ্তির মাধ্যমেই অন্য প্রকল্পে তাঁকে নিয়োগ দেওয়া হয়। এটি বড় ধরনের একটি অনিয়ম।মহিলা অধিদপ্তরের উচ্চমান সহকারী কানু বাবু প্রথম আলোকে বলেন, পিএসসির চিঠির পরিপ্রেক্ষিতে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় জাকিয়া ইয়াসমিনের চাকরি নিয়মিতকরণের বিষয়টি জানতে চেয়ে চিঠি পাঠায়। সে চিঠির পর জাকিয়া ইয়াসমিন অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে মন্ত্রণালয়ে সচিব বরাবর চাকরি নিয়মিতকরণের বিষয়টি পুনর্বিবেচনার জন্য একটি আবেদন দিয়েছেন। সে আবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।