দশ বছর আগে রমনা বটমূলে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আবার তারিখ ধার্য হয়েছে। গতকাল রোববার ধার্য তারিখে চারজন সাক্ষী আদালতে হাজির হলেও, তাঁদের সাক্ষ্য গ্রহণ হয়নি। সাক্ষ্য গ্রহণের জন্য ১৫ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। আসামিপক্ষের আইনজীবীদের সময় চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম চমন চৌধুরী এই তারিখ ধার্য করেন। গতকাল সাক্ষ্য দিতে আদালতে হাজির হন রমনা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) গোলাম হায়দার, তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ, জব্দ তালিকার সাক্ষী মামুনুর রশিদ ও রমনা থানার রেকর্ড শাখার সাবেক কর্মকর্তা গোলাম রেজা। আসামিপক্ষের আইনজীবীরা সময় চেয়ে আদালতকে বলেন, গত বছরের মাঝামাঝি সময়ে একজন সাক্ষ্য দেওয়ার পর দীর্ঘদিন অন্য সাক্ষীরা অনুপস্থিত। ঈদের ছুটির পর আদালত খোলার তারিখে একসঙ্গে চারজন সাক্ষ্য দিতে এসেছেন। কিন্তু তাঁরা সাক্ষীদের জেরা করার জন্য প্রস্তুত নন। তাই সময় প্রয়োজন। ২০০১ সালে ১ বৈশাখ ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হন। এ ঘটনায় রমনা থানায় দুটি (হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে করা) মামলা হয়। ২০০৮ সালের ২৯ নভেম্বর সিআইডির পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ ১৪ জনকে আসামি করে দুটি মামলার অভিযোগপত্র আদালতে জমা দেন।১৪ আসামির মধ্যে জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নান, মুফতি আবদুর রউফ, মাওলানা শেখ ফরিদ, হাফেজ ইয়াহিয়া, হাফেজ আবু তাহের, মাওলানা সাব্বির, আরিফ হাসান ওরফে সুমন, শাহাদাত উল্লাহ ওরফে জুয়েল কারাগারে আছেন। মাওলানা আকবর হোসেন জামিনে আছেন। বাকি আসামি মাওলানা তাজউদ্দিন, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই, জাহাঙ্গীর বদর ও মাওলানা আবুবকর পলাতক রয়েছেন।