
এক বছরে অন্তত চারবার খোঁড়াখুঁড়ি হয়েছে। শেষবার খোঁড়াখুঁড়ির পর দুই মাসেরও কম সময়ের মধ্যে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পাঁচ দিন আগে কিছু খোয়া দিয়ে গর্ত ভরাট করা হয়েছে। সেই গর্তে এখন রিকশা উল্টে যায়, হোঁচট খান পথচারী। অথচ পুরান ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এই মিটফোর্ড-ইমামগঞ্জ সড়ক।
গতকাল সোমবার সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা এলাকা ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। ইমামগঞ্জে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন ফারহানা ইয়াসমিন। মানিকনগর এলাকা থেকে সকালে বাবুবাজার পর্যন্ত গিয়ে তাঁকে রিকশা থেকে নেমে পড়তে হয়। কারণ, বাড়তি ভাড়া দেওয়ার কথা বললেও রিকশাচালক ইমামগঞ্জ পর্যন্ত যেতে চান না। ফারহানা ইয়াসমিন জানান, সন্ধ্যায় ব্যাংক থেকে বেরিয়ে আরও বিড়ম্বনায় পড়েন। রিকশা পাওয়াই যায় না। হেঁটে ফিরতে হয়। দুর্ভোগের অন্ত নেই।
এই এলাকায় এসে অনেকেই অসহায় বোধ করেন। মিটফোর্ড তথা সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে ওষুধ নিতে এসেছেন কুমিল্লার বাগিচাগাঁওয়ের একটি ফার্মেসির মালিক মনোতোষ কর্মকার। বললেন, সকালে কুমিল্লা থেকে রওনা দিয়ে যানজটের কবলে পড়ায় দেড় ঘণ্টা দেরিতে ঢাকায় পৌঁছেছেন। সেই দুর্ভোগ অতটা মনে দাগ কাটেনি। কিন্তু মিটফোর্ডে ওষুধ কিনতে এসে তার চেয়ে বেশি দুর্ভোগে পড়েন। এখানে আরও ভয়াবহ যানজট।
দেখা গেল, রাস্তার বেহাল অবস্থার কারণে বাবুবাজার মোড় থেকে মিটফোর্ড হয়ে ইমামগঞ্জ পর্যন্ত যানজট। আলফালাহ্ মার্কেটের কাছে যানবাহন প্রায় স্থবির হয়ে আছে।
প্রায় ৩০ বছর পাইকারি ওষুধ সরবরাহ করেন আবদুল হক। বললেন, সারা দেশ থেকে তাঁদের কাছে ওষুধ কিনতে আসেন ক্রেতারা। কিন্তু রাস্তার দুর্ভোগের জন্য নিজেরাই এখন বিব্রত বোধ করেন। একটি কাভার্ড ভ্যান ঢুকলে বেরোনোর পথ পায় না। বৃষ্টি হলে ভাঙা রাস্তায় চলা যায় না। তিনি বলেন, রাস্তা খোঁড়ায় বিক্রিবাট্টা অর্ধেকে নেমে এসেছে। এখন রাস্তায় দায়সারাভাবে খোয়া ফেলা হয়েছে।
মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন পোস্তগোলার মরিয়ম বেগম। প্রবেশপথে রিকশাজট। ছেলে রিকশা থেকে নেমে প্রহরীর সঙ্গে তর্ক করছিলেন। বললেন, মা যতটা অসুস্থ ছিলেন, এই এলাকায় এসে তার চেয়ে বেশি অসুস্থ বোধ করছেন। খারাপ রাস্তায় রিকশার ঝাঁকুনি তাঁর মাকে কষ্ট দিচ্ছে। মিটফোর্ড থেকে ইমামগঞ্জ যাওয়ার পথেই বিসমিল্লাহ টাওয়ার। তার সামনে কাভার্ড ভ্যান, রিকশাভ্যান এমনভাবে দাঁড়িয়ে আছে যে অন্য কোনো যানবাহন, এমনকি পথচারী চলাচলও দুষ্কর হয়ে পড়েছে। বিসমিল্লাহ টাওয়ারে ফোন-ফ্যাক্সের দোকানি রশিদুল হাই বললেন, এটা নিত্যদিনের চিত্র।
বিপরীত দিকে কাটলারিজ, হাঁড়ি-পাতিল, হারিকেনের পাইকারি মার্কেট। ব্যবসায়ী রাইসুল আলম বললেন, গত এক বছরে এখানে রাস্তা খোঁড়াখুঁড়ি হয়েছে অন্তত চারবার। একবার সিটি করপোরেশন খুঁড়লে তারপর খোঁড়ে ওয়াসা। বিদ্যুৎ কোম্পানি (ডিপিডিসি) ও তিতাসও খুঁড়েছে। তাঁর মতো উপস্থিত অন্য ব্যবসায়ীদেরও বক্তব্য হচ্ছে, সেবা সংস্থাগুলো নিজেদের মধ্যে সমন্বয় করে একসঙ্গে রাস্তা খুঁড়লে মানুষের ভোগান্তি অনেক কমে যেত।
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নূরুল আমিন বলেন, সমন্বয় করার চেষ্টা করেও বাস্তব কারণে সম্ভব হয় না। তিনি বলেন, মিটফোর্ড-ইমামগঞ্জে শেষবার ঢাকা ওয়াসা রাস্তা খুঁড়েছে পাইপলাইন বসানোর কাজে। যদিও ওয়াসা মেরামতের টাকা দিয়ে রেখেছে। কিন্তু কোথাও কোথাও তাদের কাজ অসমাপ্ত থাকায় রাস্তা মেরামত সম্ভব হচ্ছে না। কাজ হলেই ঠিকাদার নিয়োগ করা হবে।