রাজধানীর মিরপুরের ফাতেমা আক্তার ময়না হত্যা মামলার তদন্ত এক বছরেও শেষ হয়নি। অথচ তিন দফায় পরিবর্তন করা হয়েছে তদন্ত কর্মকর্তা। গত বছরের ২২ জানুয়ারি মিরপুরের বড়বাগের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আট বছরের শিশু ময়নার লাশ পাওয়া যায়। এ ঘটনায় তার বাবা দেলোয়ার হোসেন পাশের ঘরের তিন যুবক ইব্রাহীম, আনিস ও আরিফের নামে মিরপুর থানায় ওই দিনই হত্যা মামলা করেন। পরে ওই তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে। তিনজনই গত আগস্ট থেকে জামিনে রয়েছেন। ময়নার মা-বাবা অভিযোগ করেছেন, হত্যাকাণ্ডে জড়িতদের রক্ষা করতে পুলিশ কালক্ষেপণ করছে। মামলা করার পাঁচ মাস পর পুলিশ ঘটনাস্থলে আসে। তাই তাঁদের আশঙ্কা, মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন মিরপুর থানার তত্কালীন উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান। আগস্ট পর্যন্ত তিনি তদন্ত শেষ করতে পারেননি। আদালতকে এর যথাযথ কারণও দেখাতে পারেননি। পরে তাঁর স্থলাভিষিক্ত করা হয় উপপরিদর্শক শাহ আলমকে। তিনিও ডিসেম্বর পর্যন্ত তদন্ত শেষ করতে পারেননি। কারণ হিসেবে দেখান, নিহতের পোশাকের রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি। তবে সূত্র জানায়, অক্টোবরেই ওই প্রতিবেদন দেওয়া হয়েছে। সম্প্রতি মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন উপপরিদর্শক শাহজাহান খান। তিনি বলেন, ‘কোনো সাক্ষী না থাকা, মৃত্যুর পরপর থানার সুরতহাল প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া এবং পরবর্তী সময়ে ময়নাতদন্তে ধর্ষণের আলামত না পাওয়ায় দিনে দিনে মামলাটি জটিল হয়েছে।’ তিনি জানান, ময়নার জব্দ করা জামা-কাপড়ে ধর্ষণের আলামত রয়েছে বলে প্রতিবেদন পাওয়ায় এখন ডিএনএ পরীক্ষার প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। এদিকে তদন্ত প্রভাবিত করার চেষ্টার অভিযোগ এনে ময়নার বাবা গত এপ্রিল মাসে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ওই মাসেই মন্ত্রণালয়ের তত্কালীন উপসচিব কায়কোবাদ হোসেনের স্বাক্ষর করা চিঠিতে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু গতকাল বুধবার পর্যন্ত মামলার তদন্ত শেষ হয়নি। এদিকে প্রতিবেদনগুলোতে ধর্ষণের আলামত থাকা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য আসায় বিস্ময় প্রকাশ করেছেন ময়নার মা-বাবা। বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘কোনো পরীক্ষা-নিরীক্ষা না করে প্রথমে আমাদের বোঝানোর চেষ্টা হয়েছিল, ময়না আত্মহত্যা করেছে। আমরা যখন তা মানতে রাজি হইনি, তখন বলা হয়েছে, ঘরে দড়ি খেলতে গিয়ে ফ্যানে দড়ি পেঁচিয়ে ময়না মরে গেছে।’ ময়নার মা-বাবা অভিযোগ করেন, কে বা কারা প্রায়ই মোবাইলে ফোন করে হুমকি দিচ্ছে, মামলা তুলে নিতে বলছে। ময়নার মা যে বাসায় কাজ করেন, সেই গৃহকর্তা মোহাম্মদ জলিল ও তাঁর পরিবার তাঁদের নানাভাবে সাহায্য করায় সম্প্রতি ওই পরিবারকেও হুমকি দেওয়া হচ্ছে। মোহাম্মদ জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।