এক বছরে সরকারের বড় অর্জন কমিউনিটি ক্লিনিক সচল করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি দলের নেতারা বলেছেন, গত এক বছরে স্বাস্থ্য খাতে সরকারের সবচেয়ে বড় অর্জন হচ্ছে কমিউনিটি ক্লিনিক চালু করা এবং শূন্যপদে স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ। তবে বিশেষজ্ঞরা বলেছেন, স্বাস্থ্য খাতে কাজ হয়েছে ধীরগতিতে। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘স্বাস্থ্য খাতের নীতিনির্ধারণী বিতর্ক: সরকারের এক বছর’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। হেলথ রিপোর্টার্স ফোরাম এ বিতর্কের আয়োজন করে।স্বাস্থ্য খাতে মহাজোট সরকারের সাফল্যের খতিয়ান লিখিতভাবে উপস্থাপন করেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বন্ধ করে দেওয়া ১০ হাজার ৬২৪টি কমিউনিটি ক্লিনিককে প্রয়োজনীয় সংস্কার করার পর চালু করা হয়েছে। আরও দুই হাজার ৭৭৭টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেখানে যথেষ্ট পরিমাণ ওষুধ ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার জরুরি ভিত্তিতে অ্যাডহক পদ্ধতিতে চার হাজার ৩১৩ জন চিকিত্সক নিয়োগের পদক্ষেপ গ্রহণ করেছে। নার্স নিয়োগের বিধি সংশোধন করে জরুরি ভিত্তিতে দুই হাজার ৬১৯ জন নার্স শিগগিরই নিয়োগ করা হবে বলে তিনি জানান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য রশিদ-ই-মাহবুব বলেন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। এর মাধ্যমে চিকিত্সা ও পরিবার পরিকল্পনা সেবার পাশাপাশি সাধারণ মানুষ প্রাথমিক স্বাস্থ্যতথ্যও পাবে। তবে এটি ইউনিয়ন পরিষদের নাকি স্বাস্থ্য অধিদপ্তরের সরাসরি তত্ত্বাবধানে থাকবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া দরকার। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক দপ্তর সম্পাদক জামাল উদ্দিন চৌধুরী বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে চিকিত্সক ও নার্স নিয়োগের ব্যাপারে বিলম্ব হয়। আমলাদের বিদেশ সফরের কারণে নীতি গ্রহণে বিলম্ব হয় বলে তিনি জানান।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামাল উদ্দিন চৌধুরী বলেন, বিগত জোট সরকারের আমলে স্বাস্থ্য খাতে একটিও ভালো কাজ হয়নি। একজন সাংবাদিক বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার অভিযোগ, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য উপদেষ্টার দ্বন্দ্বের কারণে কাজে গতি আসছে না। এ প্রসঙ্গে বদিউজ্জামান ভূঁইয়া বলেন, দ্বন্দ্বের কথা তাঁর জানা নেই। তবে এ রকম কিছু জানতে পারলে অবশ্যই তিনি তা সরকারের উচ্চপর্যায়ে জানাবেন। এ ধরনের আলোচনাকে সাধুবাদ জানিয়েছেন সভায় উপস্থিত মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতারা। ভবিষ্যতে বিএমএর পক্ষ থেকে এ ধরনের আলোচনার আয়োজন করা হবে বলে তাঁরা জানিয়েছেন।হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি মুনীরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএমএর যুগ্ম মহাসচিব আবদুল আজিজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এস এম জাকারিয়া প্রমুখ।