এক বছরেও বিচার শেষ হয়নি
পুরান ঢাকায় স্কুলছাত্র দীপ্ত দাস হত্যাকাণ্ডের বিচার এক বছরেও শেষ হয়নি। গত বছরের ৮ জানুয়ারি গেন্ডারিয়ার কে বি রোডের বাসায় ঢুকে হাত-পা বেঁধে ড্রামের পানিতে চুবিয়ে তাকে হত্যা করে বখাটে যুবক তাজুল ইসলাম। এ সময় তার বাবা ব্যবসায়ী বিভূতিভূষণকে জবাইয়ের চেষ্টা করা হয়।এ খুনের ঘটনায় পুলিশ একমাত্র আসামি তাজুলকে গ্রেপ্তার করে। সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। তাজুল এখন কারাগারে।আদালত সূত্র জানায়, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন দীপ্ত হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ চলছে।গতকাল শনিবার দীপ্তর মা স্কুলশিক্ষিকা শিউলি রানী দাস প্রথম আলোকে বলেন, গেন্ডারিয়া হাইস্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ত দীপ্ত। ক্লাসে সে বরাবর প্রথম হয়েছে। তিনি বলেন, গত বছরের এই দিনেও বেঁচে ছিল দীপ্ত। এক বছর ধরে দীপ্তর স্মৃতি বুকে আগলে রেখে বাঁচার চেষ্টা করছেন। শিউলি রানী ছেলে হত্যার ন্যায়বিচার দাবি করে বলেন, ‘খুনি তাজুলের ফাঁসি হলে কিছুটা হলেও স্বস্তি পেতাম।’