এক ব্যক্তিকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
রাজধানীর তোপখানা রোডে গতকাল বুধবার তথ্যপ্রযুক্তির একটি প্রতিষ্ঠানের এক কর্মচারী আইয়ুব আলীকে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করে পুলিশ বলেছে, লোকজন তাঁকে ধরে পুলিশে দিয়েছিল। পরে তাঁর প্রতিষ্ঠানের কর্মকর্তারা এলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বেলা দেড়টার দিকে তোপখানা রোডের মেহেরবা প্লাজার সামনে একটি মিনিবাস পেছন থেকে এক মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী ছিটকে পড়ে আহত হন। আশপাশের লোকজন উত্তেজিত হয়ে মিনিবাসটি ভাঙচুর করেন। তবে চালক আগেই পালিয়ে যান। তখন বাসচালক ভেবে পথচারী আইয়ুব আলীকে আটক করে পুলিশ। আইয়ুব আলী সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তিনি ইরা ইনফোটেক লিমিটেডের পিয়ন। তিনি তোপখানা রোড দিয়ে যাওয়ার সময় শাহবাগ থানার এক কনস্টেবল তাঁকে আটক করে মারধর করেন। শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, দুর্ঘটনার পর কয়েকজন শিখর পরিবহনের মিনিবাসটি ভাঙচুর করেন। এ সময় অন্য বাসের চালক ও সুপারভাইজাররা বাসে ভাঙচুরকারী সন্দেহে আইয়ুবকে ধরে পুলিশে দেন। পরে তাঁর প্রতিষ্ঠানের কর্মকর্তারা এলে আইয়ুবকে ছেড়ে দেওয়া হয়।