এক মাস আগে উদ্বোধন, কাজ হচ্ছে না পশু জবাইখানায়

উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন পশু জবাইখানার উদ্বোধনের প্রায় এক মাস পেরিয়ে গেলেও এর ব্যবহার শুরু হয়নি। কর্তৃপক্ষ বলছে, জবাইখানাটির পরিচালনা কৌশল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে কাজ শুরু করা যাচ্ছে না। জবাইখানার নির্মাণকাজ শেষ হওয়ার পর আনুষ্ঠানিক উদ্বোধনেও সময় লেগেছিল ছয় মাসের বেশি।
এখন ডিএনসিসির দুটি জবাইখানা চালু আছে। একটি মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভেতরে, অন্যটি মিরপুর ১১ নম্বরে নিউ সোসাইটি মার্কেটে। ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ডিএনসিসি এলাকায় রোজ দুই হাজারের বেশি পশু জবাই হয়। এর মধ্যে দুটি জবাইখানায় দৈনিক চার শ পশু জবাই করা যায়।
আইন অনুযায়ী বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রির জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জবাইখানার বাইরে যত্রতত্র পশু জবাই করতে পারবে না। স্বাস্থ্যসম্মত পশু জবাইখানার চাহিদার কথা বিবেচনা করে ইসলামিক রিলিফ ইউএসএর অর্থায়নে ও ইসলামিক রিলিফ বাংলাদেশের সহায়তায় মহাখালী নতুন কাঁচাবাজার-সংলগ্ন স্থানে এই পশু জবাইখানা বানিয়েছে ডিএনসিসি। তিন হাজার বর্গফুটের এই জবাইখানা তৈরিতে প্রায় দেড় কোটি টাকা খরচ হয়। এ বছরের এপ্রিল মাসে নির্মাণকাজ শেষ হয়। শুরুতে গ্যাস-বিদ্যুতের সংযোগ না থাকা এবং পরে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতায় উদ্বোধনের প্রক্রিয়া ছয় মাসের জন্য আটকে যায়। শেষে ২১ নভেম্বর ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম এর উদ্বোধন করেন।
ডিএনসিসি জানায়, আধুনিক এ জবাইখানায় প্রতিদিন ছোট-বড় প্রায় ৩০০ পশু জবাই করা সম্ভব। এতে পশু বিশ্রামাগার, বায়োগ্যাস প্লান্ট, বৃষ্টির পানি সংগ্রহ, সৌরবিদ্যুৎ, বর্জ্য ও রক্ত সংগ্রহ এবং ব্যবস্থাপনা সুবিধা, চামড়া, শিং, হাড় সংগ্রহ ও ব্যবস্থাপনা, যন্ত্রাংশ জীবাণুমুক্ত করার জন্য পানি গরম করার ব্যবস্থা রয়েছে। তবে প্রায় এক মাসেও জবাইখানায় পশু জবাই শুরু হয়নি।
গতকাল শনিবার গিয়ে দেখা যায়, মহাখালী নতুন কাঁচাবাজারের পেছনে পশু জবাইখানার দোতলা ভবনটি বাইরে থেকে তালাবদ্ধ। ফটকের সামনে জমে আছে মুরগির পালক, শুকনো পাতাসহ নানা আবর্জনা। জবাইখানার বন্ধ কলাপসিবল দরজার ওপাশে কয়েকটি বিড়াল ঘুরে বেড়াচ্ছে।
কাঁচাবাজার এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য মনিরুল ইসলাম বলেন, নতুন জবাইখানায় এখনো পশু জবাই শুরু হয়নি। মহাখালী নতুন কাঁচাবাজার চালু হওয়ার পর জবাইখানার কাজ শুরু হবে বলে তিনি শুনেছেন।
এ বিষয়ে ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা ইমদাদুল হক প্রথম আলোকে বলেন, জবাইখানাগুলো এক বছরের জন্য ইজারা দেওয়া। এটি হঠাৎ করে উদ্বোধন হয়েছে। পরিচালনার কৌশল এখনো ঠিক হয়নি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও মাংস ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে পরিচালনার কৌশল ঠিক করা হবে। আগামী মাস নাগাদ এই জবাইখানায় পশু জবাই শুরু হতে পারে বলে জানান তিনি।