এক মাস ধরে আয়শা নিখোঁজ
এক মাস ধরে নিখোঁজ রয়েছে আয়শা আক্তার (১৩)। নিখোঁজ হওয়ার পরপরই মিরপুর মডেল থানায় মেয়ে অপহরণের মামলা করেন বাবা ইদ্রিস আলী। তিনি জানান, মামলার দুই আসামি মো. মান্নান ও কলম আলীকে পুলিশ গ্রেপ্তার করলেও মূল আসামিকে এখনো ধরতে পারেনি। মেয়েকেও উদ্ধার করতে পারেননি। ইদ্রিস আলী প্রথম আলো কার্যালয়ে এসে তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে বলে জানান। আয়শা আক্তার মিরপুর শাহ আলীবাগে ইউসেপ স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে আয়শাকে মিরপুর ১ নম্বরের জনতা হাউজিং বস্তির সাইদুল ইসলাম (সামাদ) প্রায়ই উত্ত্যক্ত করত। এ কথা আয়শা তার বাবাকে জানিয়েছিল। ইদ্রিস আলী জানান, চার থেকে পাঁচ মাস আগে সামাদ ও তার পরিবারকে বিষয়টি জানানো হয়। আয়শার স্কুলেও বিষয়টি জানানো হয়। গত ১৯ জুলাই দুপুরে স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় আয়শা। আর সে বাড়ি ফিরেনি। পরিবারের পক্ষ থেকে খোঁজ নিয়ে জানা যায়, আয়শা সেদিন স্কুলেও যায়নি। পরে শোনা যায়, সামাদ ও তার সহযোগীরা জোরপূর্বক আয়শাকে অপহরণ করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই আবু শাহেদ খান বলেন, আসামি ধরার চেষ্টা চালানো হচ্ছে।