এক মাসেও সরেনি পানি

বিমানবন্দর রেলস্টেশনের সামনে গাড়ি পার্কিংয়ের জায়গার একাংশে এক মাসের বেশি সময় ধরে জমে আছে ময়লা পানি। এতে সেখানে গাড়ি পার্ক করা যাচ্ছে না। এ ছাড়া ভোগান্তি পোহাতে হচ্ছে পদচারী-সেতু ব্যবহারকারীদের।
স্থানীয় সূত্রমতে, গত বছর পদচারী-সেতু নির্মাণের সময় পানিনিষ্কাশনের নালা ভরাট হয়ে গেছে।
আশপাশের একাধিক ব্যবসায়ী বলেন, বৃষ্টি হলেই এই জায়গায় পানি জমে। কিন্তু নামার কোনো পথ না থাকায় সেখানে দিনের পর দিন জমে থাকে। সেই পানি পচে দুর্গন্ধ ছড়ায়।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, বিমানবন্দর রেলস্টেশনের সামনের দিকে পার্কিংয়ের জায়গায় কালো কুচকুচে পানি জমে আছে। সেই পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। পার্কিং এলাকার এক পাশ পুরো ফাঁকা।
সরেজমিনে দেখা যায়, পানি জমার কারণে পদচারী-সেতু দিয়ে রেলস্টেশনগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। সিঁড়ি থেকে নেমে স্টেশনে ঢোকার জন্য দক্ষিণ পাশে একটি ফটক থাকা সত্ত্বেও সেটি ব্যবহার করতে পারছে না তারা। কারণ, পদচারী-সেতুতে ওঠানামার দুপাশে জমে আছে পানি। পানিতে বিছানো ইট দিয়ে দু-একজন পার হলেও বেশির ভাগ যাত্রীই যাচ্ছেন ঘুরপথে। তা ছাড়া পানির কারণে পদচারী-সেতুর রেলস্টেশন অংশের চলন্ত সিঁড়িও ব্যবহার করতে পারছেন না স্টেশন থেকে বের হওয়া যাত্রীরা।
ট্যাক্সিক্যাবের চালক নূর ইসলাম বলেন, ঈদের আগে পার্কিংয়ের পুরো অংশেই পানি জমে ছিল। এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি না হওয়ায় পানি কিছুটা কমে গেছে।
বিমানবন্দর স্টেশনে আসা মো. নূর হোসেন বলেন, ‘পথচারী-সেতু থেকে নামার পরে দেখি, ময়লা পানি জমে আছে। তাই সামনে দিয়ে আরেকটু পথ ঘুরে আসতে হলো। অথচ পানি না থাকলে সিঁড়ি থেকে নেমেই সোজা স্টেশনে ঢোকা যেত।’
খোঁজ নিয়ে জানা যায়, পার্কিংয়ের জায়গায় বেশ কিছু অস্থায়ী দোকান ছিল। পানির কারণে দোকানগুলো সরে গেছে। আশপাশের কয়েকজন দোকানি বলেন, যেটুকু পানি শুকিয়েছে, সেটা রোদের তাপে।
বিমানবন্দর রেলস্টেশনের স্টেশনমাস্টার মরণ চন্দ্র দাস বলেন, ‘পদচারী-সেতু নির্মাণের সময় পানিনিষ্কাশনের সংযোগ নষ্ট হয়ে যায়। আমরা লিখিতভাবে একাধিকবার সিটি করপোরেশনকে জানিয়েছি। তারা আজ-কাল করতে করতে পিছিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, জায়গাটিতে পানি জমে থাকার কারণে যাত্রীরা গাড়ি পার্ক করতে পারছে না। পদচারী-সেতু ব্যবহারকারী যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের নির্বাহী প্রকৌশলী মোল্লাহ মোহাম্মদ নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, পদচারী-সেতু নির্মাণের সময় নালা ক্ষতিগ্রস্ত হয়। তখন পানিনিষ্কাশনের জন্য বিকল্প নালা তৈরি করে দেওয়া হয়েছিল। তিনি বলেন, ওই জায়গার পানিনিষ্কাশনের জন্য ভালো মানের নালা তৈরির বিষয়টি প্রক্রিয়াধীন। খুব দ্রুত কাজ শুরু করা হবে।
মোল্লাহ মোহাম্মদ নুরুজ্জামান বলেন, স্টেশনের সেপটিক ট্যাংকের পানি উপচে পড়ে সেখানে বেশি দুর্গন্ধ ছড়ায়।