ঢাকার চারপাশের চার নদী বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগের তীরবর্তী জায়গার অবৈধ স্থাপনা এক মাসের মধ্যে উচ্ছেদ ও অপসারণের কাজ শুরু করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে জরিপ অনুসারে কাজ শুরুর নির্দেশ দিয়েছেন।নদীতীরবর্তী অবৈধ স্থাপনা অপসারণসংক্রান্ত হাইকোর্টের রায় অনুযায়ী কার্যক্রম শুরুর নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।পাশাপাশি আদালত প্রতি তিন মাস পর অবৈধ স্থাপনা ভাঙা ও অপসারণকাজের অগ্রগতির প্রতিবেদন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন। ইতিপূর্বে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চের রায় অনুসারে সব অবৈধ স্থাপনা অপসারণের কাজ আগামী ৩০ নভেম্বরের মধ্যে শেষ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া তিন মাস পর প্রথম প্রতিবেদন দাখিল এবং পরবর্তী আদেশের জন্য বিষয়টি উপস্থাপন করতে বলা হয়েছে।আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল মামলা পরিচালনা করেন। এর আগে গত বছরের ২৫ জুন বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই বছরের ৩০ নভেম্বরের মধ্যে সিএস রেকর্ড অনুযায়ী চার নদীর সীমানা নির্ধারণ করতে নির্দেশ দিয়েছিলেন। এরপর সংশ্লিষ্ট ব্যক্তিরা গত ৩০ নভেম্বরের মধ্যে সীমানা জরিপ শেষে গত বছরের ১৫ ডিসেম্বর আদালতে প্রতিবেদন জমা দেন।