এক শিক্ষার্থীর অভিসন্দর্ভ নিয়ে দুই শিক্ষকের বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক একটি জার্নালে এক শিক্ষার্থীর প্রকাশিত প্রবন্ধে নিজেদের নাম প্রকাশ করা না-করা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দুজন শিক্ষক।বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে তাঁরা একে অন্যের বিরুদ্ধে চৌর্যবৃত্তির অভিযোগ আনার পর পৃথক সংবাদ সম্মেলন করে পরস্পরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। এই দুই শিক্ষক হচ্ছেন, জিনাত হুদা ওয়াহিদ এবং এ এস এম আমানুল্লাহ। গত শনিবার বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে তাঁরা এই সংবাদ সম্মেলন করেন।এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আমানুল্লাহ ও তাঁর এক ছাত্র জালাল উদ্দিনের বিরুদ্ধে অভিসন্দর্ভ (থিসিস পেপার) চৌর্যবৃত্তির অভিযোগ আনেন জিনাত হুদা। এর রেশ ধরে আমানুল্লাহ গত ২৫ আগস্ট অধ্যাপক হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া জিনাত হুদার একটি বইয়ের বিষয়ে উপাচার্যের কাছে অভিযোগ করেন। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী দুটি অভিযোগই তদন্তাধীন। সংবাদ সম্মেলনে জিনাত হুদা বলেন, বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র থাকার সময় জালাল উদ্দিন তাঁর অধীনে একটি অভিসন্দর্ভ প্রণয়ন করেন। আমানুল্লাহ সেই অভিসন্দর্ভ জালাল উদ্দিনের সঙ্গে যুগ্ম নামে একটি জার্নালে প্রকাশ করেছেন। আমানুল্লাহ বলেন, জালাল উদ্দিনের তত্ত্বাবধায়ক ছিলেন শাহ এহসান হাবিব। জিনাত নিজেকে তত্ত্বাবধায়ক হিসেবে যে দাবি করছেন, তা সম্পূর্ণ অমূলক।