এক সপ্তাহ সময় চেয়ে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুটিকয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বার্থে মাত্র আট দিন সময় দিয়ে সহায়ক পাঠ্যবই আহ্বান করা হয়েছে বলে অভিযোগ করেছে ৮৪টি প্রকাশনা প্রতিষ্ঠান। এ অভিযোগ তুলে ধরে এসব প্রতিষ্ঠানের মালিকেরা আবার এক সপ্তাহ সময় চেয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে আবেদন করেছেন।জানা যায়, সরকার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ করলেও বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামারসহ ১১টি বই ছাপা ও বাজারজাত করার দায়িত্ব দিয়েছে বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠানকে। কিন্তু এই কাজে অংশ নিতে আগ্রহী প্রকাশকদের বেশির ভাগই এনসিটিবি-নির্ধারিত নিয়মের শিকার হয়েছেন। তাঁরা বলেছেন, স্বতন্ত্র পাঠ্যপুস্তক মূল্যায়ন কমিটি গত ১৯ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত মাত্র আট দিন সময় দিয়ে ১১টি সহায়ক পাঠ্যবইয়ের পাণ্ডুলিপি আহ্বান করেছে। অন্যান্য বছর প্রকাশকেরা এ জন্য অন্তত তিন মাস সময় পেয়েছিলেন। কারণ, বিজ্ঞপ্তি প্রচারের পর লেখক-প্রকাশকেরা পাণ্ডুলিপি তৈরির কাজে হাত দেন। পরে সিলেবাস অনুযায়ী পাণ্ডুলিপি তৈরি করে তা অনুমোদনের জন্য জমা দেন। এবার এসব কাজ মাত্র আট দিনে শেষ করার বিষয়টি সবাইকে অবাক করেছে। শত শত লেখক-প্রকাশক এত অল্প সময়ের মধ্যে তাঁদের বই অনুমোদনের জন্য জমা দিতে সমর্থ হননি। এতে প্রকাশক ও লেখকদের মধ্যে হতাশা বিরাজ করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে ওই আবেদনে উল্লেখ করা হয়। ওই আবেদনে মালিক ও প্রকাশকদের পক্ষে সই করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাবেক সভাপতি মো. আবু তাহের। এ ছাড়া লেটেস্ট পাবলিকেশন্স, পপি লাইব্রেরি, গ্রন্থবিতান, অনিক পাবলিকেশন্স, সৌরভ পাবলিকেশন্স, ফরহাদ বুক ডিপো, মৌসুমী পাবলিকেশন্স, ইউনিক লাইব্রেরি, যুগান্তর পাবলিকেশন্সসহ ৮৪টি প্রকাশনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা আবেদনে সই করেন।