এক সপ্তাহে ১০৫ উত্ত্যক্তকারী আটক, ৫০ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে ঢাকার ৪১টি থানায় গত সপ্তাহে ১০৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৫০টি ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও ডিএমপি অধ্যাদেশের অধীনে মামলা হয়েছে। বাকিদের মা-বাবার উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তর এ কথা জানিয়েছে। ডিএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, যেসব এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেশি, সেখানেই উত্ত্যক্তকারী আটক হয়েছে বেশি। এলাকার ভিত্তিতে হিসাব করলে দেখা যায়, গত ১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত অভিযানে মিরপুর এলাকায় আটক হয়েছে সবচেয়ে বেশি। উত্ত্যক্তকারীদের আটক হওয়ার সংখ্যা সবচেয়ে কম গুলশান-বাড্ডা-ক্যান্টনমেন্ট-খিলক্ষেত এলাকায়। তবে এখানে আটক দুজনের বিরুদ্ধেই মামলা হয়েছে। পুলিশ বলেছে, আগামী কয়েক মাস মুচলেকা দানকারীদের পর্যবেক্ষণে রাখা হবে। পাশাপাশি স্কুল-কলেজের সামনে নজর রাখা ও আটকের কাজ চলবে। বিভিন্ন থানা সূত্র জানিয়েছে, এবার আটকেরা ভবিষ্যতে স্কুল-কলেজ বা রাস্তায় উত্ত্যক্ত করার অভিযোগে আবার ধরা পড়লে আইনি ব্যবস্থা নেওয়া হবে লিখে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে। সন্তানদের চলাফেরার বিষয়ে খোঁজখবর রাখতেও অভিভাবকদের সতর্ক করে দেওয়া হয়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, উত্ত্যক্তকারীদের আটক করে অপরাধ বিবেচনায় মুচলেকা, সাধারণ ডায়েরি বা মামলা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে অভিভাবক থানায় না এলে সেসব ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। অভিভাবকেরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে এর কার্যকারিতা বিষয়ে কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন। হলিক্রস স্কুলের সামনে অপেক্ষারত এক অভিভাবক বলেন, ‘শুনেছি স্কুলের সামনে সাদা পোশাকের পুলিশ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার, কিন্তু এখনো দেখিনি।’ এ সন্দেহের জবাব দেন পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক। তিনি বলেন, ‘কাজটা ঠিকমতো হলেই হলো। পুলিশের অবস্থান যে কেউ বুঝতে পারার কথা না।’ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ধরপাকড় প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন তিনি।