এক হাজার ৩৬১ বোতল ফেনসিডিল, ১১ কেজি গাঁজা উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুর থানার পুলিশ গতকাল সোমবার বেড়িবাঁধসংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।এ ছাড়া গুলশান এলাকা থেকে গত রোববার সকালে ৩৬১ বোতল ফেনসিডিল ও ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উপ-অঞ্চলের কর্মকর্তারা র্যাব-১-এর সহায়তায় তাঁদের গ্রেপ্তার করেন।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান জানান, গোপন সংবাদ পেয়ে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ রায়েরবাজার বেড়িবাঁধসংলগ্ন আনোয়ারা বেগমের বস্তিতে ভাড়াটিয়া বাবুলের কক্ষে অভিযান চালায়। সেখান থেকে এক হাজার বোতল ফেনসিডিলসহ জানু বেগম (৫০), রীনা বেগম (৩২) এবং মহিন ইসলামকে (১৮) গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ওই বাড়িতে রাখতেন। এখান থেকে বিভিন্ন জায়গায় পাঠানো হতো।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উপ-অঞ্চলের উপপরিচালক মজিবুর রহমান পাটওয়ারী জানান, রোববার গুলশানে গ্রেপ্তার করা আলম হোসেনের (৪০) বাড়ি নাটোরের লালপুরে এবং নূর জামালের (২৬) বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। তাঁরা সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকার বিভিন্ন স্থানে পৌঁছে দিত। রোববার সকাল সাতটার দিকে তাঁরা দুজন রিকশায় করে গুলশান এক নম্বর গোলচক্করে পৌঁছালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব কর্মকর্তারা তাঁদের আটক করেন। দুটি ঘটনায় মোহাম্মদপুর ও গুলশান থানায় মাদক আইনে মামলা হয়েছে।