পুরান ঢাকার সাদেক হোসেন খোকা মাঠে অবৈধভাবে কোরবানির অস্থায়ী পশুর হাট বসে গেছে। ওই মাঠসংলগ্ন কাউয়ারটেক মাঠের পশুর হাটের ইজারাদার এই হাটটি বসিয়েছেন। তিনবার দরপত্র আহ্বান করেও সাদেক হোসেন খোকা মাঠের কাঙ্ক্ষিত দর (১ কোটি ১২ লাখের বেশি) পায়নি দক্ষিণ সিটি করপোরেশন। গতকাল পর্যন্ত এটি ইজারা দেওয়া হয়নি।
ধূপখোলা স্থানীয় মাঠেও অবৈধভাবে কোরবানির পশুর হাট বসিয়েছে ইস্ট অ্যান্ড ক্লাব কর্তৃপক্ষ। প্রায় একই আয়তনের এই ক্লাব মাঠটি ৬১ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা দরে বরাদ্দ নিয়েছিল সংগঠনটি। তারা আরেকটি মাঠ দখল করে হাট বসিয়েছে।
ডিএসসিসির সম্পত্তি বিভাগের একাধিক কর্মকর্তার অভিযোগ, গত বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই কাউয়ারটেকসহ ছয়টি অস্থায়ী পশুর হাট ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের দেওয়া হয়। তবে কাউয়ারটেক ছাড়া বাকি হাটগুলো নির্দিষ্ট সীমানার ভেতর আছে। কাউয়ারটেক হাটটি পেয়েছেন ৪১ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. বাবু।
এই ছয়টিসহ এবার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অস্থায়ী পশুর হাট বসবে ১৫টি। আগে বরাদ্দ দেওয়া নয়টি হাটের ইজারাও পেয়েছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। সেগুলো ইজারা দেওয়া হয়েছে ৬ কোটি ২৯ লাখ ৭ হাজার ৫০০ টাকায়। কিন্তু দরপত্র ছাড়া দেওয়া নতুন ছয় হাট কত টাকায় ইজারা দেওয়া হয়েছে, তা গতকাল পর্যন্ত জানায়নি সিটি করপোরেশন। প্রসঙ্গত, উত্তর সিটি করপোরেশনের সাতটি হাট ইজারা দেওয়া হয়েছে ১০ কোটি ৮০ লাখ ৬ হাজার ৭৮০ টাকায়।
ডিএসসিসির একাধিক কর্মকর্তা ও কাউন্সিলরদের অভিযোগ, দলীয় বিবেচনায় এই হাটগুলো বরাদ্দ দিয়েছেন মেয়র সাঈদ খোকন। এর আগে এই প্রক্রিয়ায় হাট বরাদ্দ দেওয়ার কোনো নজির নেই বলে জানান তাঁরা।
সাদেক হোসেন খাকা মাঠ এবং ধূপখোলা স্থানীয় মাঠে অবৈধ গরুর হাটের বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল প্রথম আলোকে বলেন, নির্দিষ্ট সীমানার ভেতর কোরবানির পশু রাখতে হাটের ইজারাদারদের নির্দেশনা দেওয়া আছে। কিন্তু অনেক সময় পশুর পরিমাণ বেড়ে গেলে তা সীমানা ছাড়িয়ে যায়। তারপরও বিষয়টি পর্যবেক্ষণ করতে ডিসিসির সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে।
সরেজমিনে দেখা যায়, কাউয়ারটেক হাটে গরু আছে মাত্র ৫০টি। কিন্তু অবৈধভাবে দখল করে সাদেক হোসেন খোকা মাঠের ভেতর বাঁশ ও শামিয়ানা টানিয়ে তিন শতাধিক গরু রাখা হয়েছে। কাউয়ারটেক হাটের পশ্চিম পাশে বাবুবাজার-যাত্রাবাড়ী সড়কের একাংশ দখল করে আরও শতাধিক গরু রাখা হয়েছে। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
এই মাঠের ইজারাদার ৪২ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. বাবু বলেন, কাউয়ারটেক ও আশপাশের খালি জায়গা তিনি ইজারা নিয়েছেন। কিন্তু পর্যাপ্ত জায়গা না থাকায় সাদেক হোসেন খোকা মাঠে গরু রাখছেন ব্যবসায়ীরা। এসব গরু বাইরে রাখলে সড়কে যানজট সৃষ্টি হবে। কাউয়ারটেক হাট কত টাকায় ইজারা পেয়েছেন বা কোনো বরাদ্দপত্র পেয়েছেন কি না, জানতে চাইলে তিনি জবাব দেননি।
ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ, স্থানীয় খেলার মাঠ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ নিয়ে ধূপখোলা মাঠটি (প্রায় সাত একর) গঠিত। এর মধ্যে ইস্ট অ্যান্ড ক্লাব তাদের নিজেদের মাঠটিতে পশুর হাট বরাদ্দ নেয়। কিন্তু তারা স্থানীয় মাঠটি দখল করে সেখানেও হাট বসিয়েছে। এই দুটি হাটে প্রায় এক হাজার গরু দেখা গেছে। ক্রেতা না থাকায় অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা। কিন্তু অনেক খুঁজেও ইজারাদার আওয়ামী লীগ নেতা শামসুজ্জোহাকে পাওয়া যায়নি।