এক হাসপাতালেই ৩০ চিকিৎসকের পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের বৃদ্ধ আবদুল হাকিম তাঁর ছয় বছর বয়সী নাতি মোরছালিনকে নিয়ে গতকাল শনিবার মহানগর জেনারেল হাসপাতালে এসেছিলেন। সকাল নয়টায় হাসপাতালে এসে টিকিট নিয়েছেন। সাড়ে নয়টার পরও তিনি চিকিৎসকের সাক্ষাৎ পাননি। সাড়ে নয়টার দিকে নবাবপুর রোডের জ্যোত্স্না বেগম, শাঁখারীবাজারের সুজিত সাহার স্ত্রী শিল্পী রানী সাহাকে বহির্বিভাগের চিকিৎসকের জন্য অপক্ষো করতে দেখা গেল। হাসপাতালের একজন পরিচ্ছন্নতা কর্মী বলেন, ‘১০টার আগে ডাক্তাররা আসেন না।’ পুরান ঢাকার এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে প্রায় ৩০০ রোগী আসেন। ১৯৯০ সালে পুরান ঢাকার প্রাণকেন্দ্র নয়াবাজারে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর উত্তর পাশে মহানগর জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। ৫০ শয্যার এই হাসপাতালটি ঢাকা সিটি করপোরেশন পরিচালনা করছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে ১৪৫টি চিকিৎসকের পদ আছে। কিন্তু ৩০টি পদে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত কোনো চিকিৎসক নেই। এ ব্যাপারে হাসপাতালের পরিচালক আজমল হোসেন বলেন, এ হাসপাতালে চিকিৎসকের পদগুলো নির্দিষ্ট এবং এখানে পদোন্নতির কোনো সুযোগ নেই। তাই চিকিৎসকেরা এসেও বেশি দিন থাকেন না। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছিল, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তাঁরা অন্যত্র বদলি হয়ে যান। সেই পদগুলো খালি পড়ে আছে। চিকিৎসকদের বিলম্ব হওয়া প্রসঙ্গে তিনি বলেন, রোজার মাস বলে তাঁদের কিছু বলা হয়নি। এ হাসপাতালের নার্সের পদ আছে ৩১টি। যা প্রয়োজনের তুলনায় কম। কিন্তু এর মধ্যে সাতটি পদ শূন্য। বাকি ২৪টি পদের মধ্যে ছয়জন হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অনুপস্থিত আছেন। শল্য বিভাগে ১০টি শয্যা থাকলেও গতকাল রোগী ছিল তিন জন। কর্মরত সেবিকা জানান, এ বিভাগে একজন চিকিৎসকের পদ দীর্ঘদিন খালি রয়েছে। চক্ষু বিভাগের চিকিৎসক শল্য বিভাগের রোগীর দেখাশোনা করেন। মেডিসিন বিভাগে ১০টি শয্যা রয়েছে। কর্মরত সেবিকা জানান, রোগী ভর্তি আছে আটজন। কিন্তু বিছানায় পাওয়া গেল মাত্র চারজন। অন্য রোগীদের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘হাসপাতালের পাশের লোকজন রাতে এখানে থাকে না।’ কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করা এবং মেডিকেল কলেজ করার চেষ্টা চলছে তিন-চার বছর ধরে। সেই অনুযায়ী প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সে জন্য ভবনের পরিধিও বাড়ানো হয়। কিন্তু কাজ আর এগোচ্ছে না। তবে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের আত্মীয়রা বলেন, এখানে কম মূল্যে পরীক্ষার সুযোগ আছে। রেডিওলজি বিভাগে ১০০ থেকে ১৫০ টাকায় আলট্রাসনোগ্রাম করানো যায়। বিনা মূল্যে ফিজিওথেরাপি দেওয়া হয়। কয়েক ধরনের রক্ত পরীক্ষাও কম টাকায় করানো যায়। গতকাল সকালে এ হাসপাতালে গিয়ে দেখা যায়, পরিচ্ছন্নতা কর্মীরা ধোয়ামোছার কাজে ব্যস্ত। পুরো হাসপাতাল বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন। হাসপাতালের একাধিক সূত্র বলেছে, বেশ কিছু মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। চিকিৎসক না থাকায় সেগুলো অকেজো পড়ে আছে।ঢাকা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, শুরুতে যে জনবল নিয়ে হাসপাতাল চালু হয়েছিল, পরে তা আর বাড়েনি। অন্যদিকে অনেকে পদোন্নতি নিয়ে চলে গেছেন। তিনি বলেন, মেডিকেল কলেজের প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মেডিকেল কলেজের কিছু কাঠামো তৈরি করা হয়েছে মাত্র।