একই কারখানার মিষ্টি ও বিস্কুট বাজারে যাচ্ছে ভিন্ন নামে!
নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি হচ্ছে রংবেরঙের মিষ্টি। এই পরিবেশে তৈরি একই মিষ্টি ভিন্ন ভিন্ন নামী-দামি প্রতিষ্ঠানে সরবরাহ করা হচ্ছে। আলাদা আলাদা মোড়কে প্যাকেটজাত করে আলাদা আলাদা প্রতিষ্ঠানের নামে তা বিক্রি হচ্ছে। শুধু মিষ্টি নয়; রুটি, বিস্কুট, কেক, ফাস্টফুডসহ নানা ধরনের খাবার উৎপাদন ও সরবরাহ চলছে একই কায়দায়। ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার রামপুরা এলাকায় অভিযান চালালে বিষয়টি ধরা পড়ে। আদালত এ সময় কয়েকটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা এবং কয়েকজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডাদেশ দেন।গতকাল দুপুর ১২টার দিকে আদালত পশ্চিম রামপুরার ডিআইটি রোডে লন্ডন সুইটসের বিক্রয়কেন্দ্রে অভিযান চালান। সেখান থেকে এক প্যাকেট চানাচুর সংগ্রহ করা হয়। এরপর আদালত ওই প্রতিষ্ঠানের কারখানায় অভিযান চালান। সেখানে গিয়ে দেখা যায়, নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছে। বিএসটিআইয়ের অনুমোদনবিহীন চানাচুর ও দই তৈরির অপরাধে প্রতিষ্ঠানের মালিক সিরাজুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা ও প্রধান কারিগর নাসির উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।মিষ্টির কারিগর নাসির উদ্দিন জানান, তাঁদের মালিকের লন্ডন সুইটস, রাজধানী সুইটস ও মৌবন সুইটস নামে তিনটি প্রতিষ্ঠান রয়েছে। একই কারখানা থেকে উৎপাদিত মিষ্টি এসব দোকানে বিক্রি হয়।এরপর আদালত পশ্চিম রামপুরা এলাকার আল আলম মহানগর বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি নামক বেকারির কারখানায় অভিযান চালান। সেখানে ভিন্ন ভিন্ন ঠিকানা ও নামের স্টিকারযুক্ত তৈরি পণ্য দেখা যায়। বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করতে দেখা যায়।ওই কারখানায় গিয়ে দেখা যায়, রুটি, বিস্কুট, কেক ও ফাস্টফুডের গায়ে ক্যাস্টল ফুড নামের একটি প্রতিষ্ঠানের স্টিকার দেখা যায়। এ ছাড়া সেখানে নিউ উত্তরা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি, ফেমাস ফুড গার্ডেন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির স্টিকারযুক্ত মালামাল দেখা যায়। এ অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন।কারখানার ব্যবস্থাপক সাদ্দাম হোসেন জানান, কারখানার মালিক চারজন। খাবার তৈরির পর নিজস্ব স্টিকার লাগানো হয়। একেক মালিক একেক ধরনের খাবার তৈরি করেন।পরে আদালত একই এলাকার আল-মনসুর বেকারিতে অভিযান চালান। সেখানকার তৈরি রুটি, বিস্কুট ও কেকের প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকায় আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এই প্রতিষ্ঠানের কর্মচারী ভাসানী আদালতের কাছে মিথ্যা কথা বলায় আদালত তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন।