একই চক্র সাংসদ ও আ.লীগ নেতার বাসায় ডাকাতি করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংরক্ষিত নারী আসনের সাংসদ শাহিদা তারেখ দীপ্তি ও আওয়ামী লীগের নেতা আলী নেওয়াজ খানের বাসায় একই চক্র ডাকাতি করেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তারের পর এই তথ্য পেয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ডাকাতদের কাছ থেকে লুট করা মালামালও উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ওই চারজন হলেন লাল মিয়া (২৮), মাসুদ হাওলাদার (২৩), ফারুক (২৫) ও রাসেদুল ইসলাম (২৬)। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের তিন দিনের রিমান্ডে আনা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।গত ৮ জানুয়ারি ভোররাতে পল্লবী আবাসিক এলাকার ৩৪/২ নম্বর দোতলা বাড়ির নিচতলার ভাড়াটে শাহিদা তারেখের বাসা ও নিচতলায় বাড়ির মালিকের বাসায় ডাকাতি হয়। ডাকাতেরা আলমারি থেকে ৫০ হাজার টাকা ও সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এর তিন দিন পর ১২ জানুয়ারি রাতে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় আওয়ামী লীগের নেতা আলী নেওয়াজ খানের বাড়িতেও ডাকাতি হয়। ডাকাতেরা ১৫০ ভরি সোনা, পঁচাত্তর হাজার টাকা, একটি ল্যাপটপ, দুটি ডিজিটাল ক্যামেরাসহ সব মালামাল লুট করে।গোয়েন্দা পুলিশের উপকমিশনার (গোয়েন্দা, উত্তর) মাহবুবর রহমান গতকাল এক ব্রিফিংয়ে বলেন, মঙ্গলবার ভোররাতে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে লুণ্ঠিত কিছু স্বর্ণসহ লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন দুপুরে মিরপুর পাইকপাড়া থেকে মাসুদ হাওলাদার ও গাজীপুরের জয়দেবপুর থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী টঙ্গীর সোনালী মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে লুণ্ঠনকৃত ৮৫ ভরি স্বর্ণসহ দোকানের মালিক রাসেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে বালা, চেইন, আংটি ও কানের দুল রয়েছে। লুণ্ঠিত স্বর্ণকে রূপান্তরিত করা হয়েছে বলে তিনি জানান।উপকমিশনার জানান, একই ডাকাত চক্র এ ঘটনা ঘটিয়েছে। এরা সংঘবদ্ধ পেশাদার ডাকাত চক্র। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় তারা ডাকাতি করে। এর আগে নৌবাহিনীর সাবেক প্রধানের বাসায়ও তারা ডাকাতি করে। তিনি জানান, এদের মধ্যে কয়েকজন খুন ও ডাকাতির মামলায় গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আসে।সাংসদ শাহিদা তারেখ দীপ্তির বাসায় ডাকাতির ঘটনার বর্ণনা দিতে গিয়ে এক ডাকাত জানায়, ওই বাসাটি যে সাংসদের তা তারা জানত না। ওই বাসা থেকে ডাকাতির পর সব মালামাল দোকানে বিক্রি করে দেওয়া হয়।গ্রেপ্তার হওয়া মাসুদ জানান, তাঁদের দলনেতা বিল্লাল হোসেন। সাংসদের বাসায় ডাকাতি করে তিনি ২০ হাজার টাকা ভাগ পান। আওয়ামী লীগের নেতা নেওয়াজ আলী খানের বাসায় ডাকাতির ঘটনা বর্ণনা করতে গিয়ে গ্রেপ্তার হওয়া ফারুক জানান, এই ঘটনাও বিল্লালের নেতৃত্বে হয়েছে।