একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগের পূর্ব বাসাবো এলাকায় গত শুক্রবার গভীর রাতে একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। এঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আহত ব্যক্তিরা বলছেন, বাসার ভেতর জমে থাকা গ্যাস থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে পুলিশের ধারণা, মশা তাড়ানোর জন্য ব্যবহার করা ধূপের আগুন থেকেই এই ঘটনা ঘটেছে। সবুজবাগ থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে রাজধানীর পূর্ব বাসাবোর কদমতলা এলাকার আমান মসজিদের পশ্চিমে একটি বাড়ির নিচতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই বাসার বাসিন্দা ব্যবসায়ী কয়েজ আহমেদ (৪৭), তাঁর স্ত্রী জেসমিন আক্তার (৩৫), ছেলে হাসিবুর রহমান (১০) ও শ্যালিকা সোনিয়া (১৮) অগ্নিদগ্ধ হন। তাঁদের মধ্যে প্রথম তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।অগ্নিদগ্ধ কয়েজ আহমেদ বলেন, বাসায় বুটিকের কাজ করে তাঁরা সবাই শোয়ার ঘরে রাত দেড়টা পর্যন্ত গল্পগুজব করে ঘুমান। সেহিরর জন্য তরকারি গরম করতে দেশলাই জ্বালানোর পর পরই পুরো কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। কয়েজ আহমেদ বলেন, তাঁদের বাসার পাশে গ্যাস লাইনে ফুটো ছিল। তিনি দাবি করেন, তাঁর বাসার ভেতর গ্যাস জমে ছিল। আগুন ধরানোমাত্র তা চারদিকে ছড়িয়ে পড়ে।