একই সময় এমএড এবং নিয়োগ পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই সময়ে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের মাস্টার্স অব এডুকেশন (এমএড) সমাপনী এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ হয়েছে। এতে বিপাকে পড়েছেন ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা। ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রথম আলোকে জানান, ১০ জুন থেকে এমএড পরীক্ষা শুরু হবে। কিন্তু ১ থেকে ২১ জুন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা চলবে। এর ফলে অনেক পরীক্ষার্থী দুটি পরীক্ষায় অংশ নিতে পারবেন না। তাঁরা আরও বলেন, নীলফামারী, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা টিচার্স ট্রেনিং কলেজে পড়ছেন। নিজ এলাকায় গিয়ে তাঁদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ কোনোভাবেই সম্ভব হবে না। ইতিমধ্যে একই সময়ে বিএড সমাপনী পরীক্ষার তারিখ নির্ধারণ হলেও একই রকম সমস্যার কারণে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এ বিষয়ে টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ আবু সাইদ বলেন, ‘শিক্ষার্থীরা চাকরি পাক, এটা আমরাও চাই। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় সময়সূচি পরিবর্তন না করলে আমাদের কিছুই করণীয় নেই।’