>*মাকসুদা পারভীন প্যারামেডিক।
*প্যারামেডিকের কাজ মূলত টিকা ও রোগীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া।
*মাকসুদাকে একসঙ্গে অনেক ধরনের সেবা দিতে হয়।
*সেবা দিতে গিয়ে মাঝেমধ্যেই মাকসুদাকে হিমশিম খেতে হয়।

টিকা দেওয়া, মাসিক নিয়মিতকরণ (এমআর) এবং স্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবস্থা করেন প্যারামেডিক মাকসুদা পারভীন। আবার তাঁকে রোগীর ওজন ও রক্তচাপ মাপতে হয়। বিভিন্ন ধরনের সেবার নিবন্ধন খাতা ব্যবস্থাপনা, ওষুধ বিক্রিসহ রোগীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার কাজও একার হাতে সামলাতে হয় মাকসুদা পারভীনকে।
গতকাল রোববার লালবাগের শহীদনগর এলাকার নগর স্বাস্থ্য কেন্দ্র-৩-এ গিয়ে জানা গেছে এ কথা। অথচ একজন প্যারামেডিকের কাজ মূলত টিকা ও রোগীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া।
আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস প্রকল্পের অধীনে এই স্বাস্থ্যকেন্দ্র পরিচালনার দায়িত্বে আছে অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপটিক অ্যাবরশন, বাংলাদেশ (বাপ্সা)। প্রকল্পটি বাস্তবায়ন করছে সিটি করপোরেশন।
প্যারামেডিক মাকসুদা পারভীন বলেন, একসঙ্গে অনেক ধরনের সেবা দিতে গিয়ে মাঝেমধ্যেই হিমশিম খেতে হয়। কেবল একটি টিকা দিতেই তিনটি খাতায় তথ্য লিখে রাখতে হয়।
এ বিষয়ে পার্টনারশিপ এলাকা-৩-এর প্রকল্প ব্যবস্থাপক পূরবী আহমেদ বলেন, প্রাথমিক সেবার আওতায় অনেক বিষয়ই আসতে পারে। বিভিন্ন ধরনের সেবার নিবন্ধন খাতা ব্যবস্থাপনার বিষয়ে ধরাবাঁধা কোনো নিয়ম নেই। নিজেরা আলাপ করে ঠিক করে নেন। তিনি বলেন, এই কেন্দ্রের পরিবারকল্যাণ পরিদর্শক মাতৃত্বকালীন ছুটিতে থাকায় প্যারামেডিকের ওপর চাপটা বেশি পড়ছে।
শাহিনুর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তিনি বিভিন্ন সমস্যা নিয়ে তিন দিন আগে স্বাস্থ্যকেন্দ্রে এসেছিলেন। চিকিৎসক তাঁকে প্রসূতিকালীন নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে আলট্রাসনোগ্রাম করে রিপোর্ট নিয়ে আসতে বলেন। নগর স্বাস্থ্য কেন্দ্রে আলট্রাসনোগ্রামের ব্যবস্থা না থাকায় তিনি হাজারীবাগের নগর মাতৃসদনে আলট্রাসনোগ্রাম করিয়ে গতকাল আবার চিকিৎসকের কাছে এসেছেন।
নগর স্বাস্থ্য কেন্দ্রে আলট্রাসনোগ্রামের যন্ত্র না থাকায় রোগীকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এতে সেবা গ্রহণ অনেকটা সময়সাপেক্ষ হয়ে পড়ে। অতিরিক্ত টাকা খরচ হয়।
শাহিনুর বলেন, মাতৃসদনে যাতায়াতে তাঁর ৮০ টাকা খরচ হয়েছে। এ ছাড়া চিকিৎসকের কাছে ঘন ঘন যাওয়ার জন্য শাশুড়ির কাছ থেকে কথাও শুনতে হয়েছে। আরেক রোগী হাসনা বানু বলেন, নগর স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সুবিধা বাড়ানো দরকার। আলট্রাসনোগ্রাম যন্ত্রের পাশাপাশি এক্স-রে যন্ত্রও দরকার।
চিকিৎসক রেবেকা সুলতানা বলেন, আলট্রাসনোগ্রাম যন্ত্র ছাড়া প্রসূতিকালীন সেবা দেওয়া খুব কঠিন। আলট্রাসনোগ্রাম করার জন্য অন্য জায়গায় যেতে হয় বলে রোগীরা অনেক সময় চিকিৎসা গ্রহণের আগ্রহ হারিয়ে ফেলে। তিনি আরও বলেন, ‘আমি নিজেই সনোলজিস্ট। কেবল একটি যন্ত্র থাকলে সেবা দেওয়াটা অনেক সহজ হয়ে যেত।’
প্রকল্প ব্যবস্থাপক ডা. পূরবী আহমেদ বলেন, ‘প্রজেক্টের নকশায় স্বাস্থ্যকেন্দ্রে আলট্রাসনোগ্রাফি যন্ত্র বরাদ্দের নিয়ম নেই। কর্তৃপক্ষকে অনেকবার যন্ত্রটির প্রয়োজনীয়তার কথা জানিয়েছি। আশা করছি, বিষয়টির সমাধান হবে।’
মূলত নারী, শিশুসহ দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্প খরচে সেবা দিতে স্বাস্থ্যকেন্দ্রগুলো চালু হয়। তবে এখানে পুরুষদেরও প্রাথমিক স্বাস্থ্যসেবাসহ স্বাস্থ্যসম্পর্কিত পরামর্শ দেওয়া হয়। গতকাল বেলা আড়াইটা পর্যন্ত এখানে ৩৭ জন রোগী সেবা নিয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা ১৩ ও নারী ২৪।
মাঠপর্যায়ের তত্ত্বাবধায়ক মো. শাহাদাৎ হোসেন বলেন, এই কেন্দ্রে শহীদনগর, লালবাগ, কামরাঙ্গীরচর, আজিমপুর, বকশীবাজার, ইসলামপুর থেকে রোগী আসে। রোগীরা চাইলে স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করে। প্রতি মঙ্গলবার নিজস্ব অ্যাম্বুলেন্সের মাধ্যমে এই কেন্দ্রের রোগীদের আলট্রাসনোগ্রাম করার জন্য হাজারীবাগ মাতৃসদনে নিয়ে যাওয়া হয়।
এই কেন্দ্রে দরিদ্র পরিবারের রোগীরাই বেশি সেবা নেয়। কাউন্সেলর নাসরীন জাহান আক্তার বলেন, তাঁদের মধ্যে বাল্যবিবাহ ও অপুষ্টির হার উল্লেখযোগ্য।