একজনের জামিন নিয়ে তৎপরতা
পাঁচ কোটি টাকা মূল্যের তিন কেজি কোকেন উদ্ধারের মামলায় আসামি হালিমা খানমের জামিনের আবেদন করা হয়েছে। আইনজীবী মুজিবুল হক ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই আবেদন করেন। কাল বুধবার জামিনের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিবন্ধন শাখার কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, মামলায় পেরুর নাগরিক জোয়ান, হালিমা খানম, দুজন পাকিস্তানিসহ পাঁচ ব্যক্তি আটক আছেন। জোয়ানের তথ্যের ভিত্তিতে চার আসামিকে গ্রেপ্তার করা হয়। এর আগেও আসামিদের পক্ষে মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়েছিল। আবার তা প্রত্যাহারও করে নেওয়া হয়। তিনি আরও বলেন, জামিনের ক্ষেত্রে ওপর মহলের তৎপরতা রয়েছে। ১১ জুন জোয়ান একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। তিনি ব্যাগে কোকেন নিয়ে হোটেলে ওঠেন। পরে সন্ধ্যায় কারওয়ান বাজারের হোটেল লা ভিঞ্চি থেকে কোকেনসহ জোয়ানকে আটক করা হয়।