একজনের ফাঁসি ও দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আইনজীবী সমিতির সদস্য শামছুল হক ওরফে রিন্টু হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম চান মিয়া। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মো. সোহেল ও শামছুল হক মাঝি। রায় ঘোষণার আগে আসামিদের কারাগার থেকে আনা হয়। বিচারক আসামিদের উপস্থিতিতে সংক্ষিপ্ত রায় পড়ে শোনান। রায়ে বলা হয়, আসামি চান মিয়ার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। আদালত অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাঁদের আরও এক বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।২০০৯ সালের ২৭ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিজ বাড়ির সামনে চুরির সময় এক চোরকে ধরে ফেলেন শামছুল হক। এ সময় চোরের সহযোগীরা তাঁকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহত শামছুল হকের ভাই মাজহারুল হক বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় এ মামলা করেন। রাষ্ট্রপক্ষ ১৮ জন সাক্ষীর মধ্যে ১৩ জনকে আদালতে উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সেতারা বেগম।