একজনের যাবজ্জীবন সাজা
চার বছরের শিশুকে অপহরণের দায়ে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. সাদিকুল ইসলাম তালুকদার এ রায় ঘোষণা করেন। সেই সঙ্গে আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা দিতে ব্যর্থ হলে তাঁকে আরও দুই মাস কারাভোগ করতে হবে।এ মামলার অপর আসামি গাজী মাসুদুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসামি সিরাজুল রাজধানীর পল্টনে বাদীর মালিকানাধীন হোটেল আল ফারুক ইন্টারন্যাশনালে চাকরি করতেন। মুঠোফোন চুরির অপরাধে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এর প্রতিশোধ নিতে তিনি ২০০৫ সালের ১২ অক্টোবর হোটেলমালিকের চার বছরের মেয়েশিশুকে অপহরণ করেন। এ ঘটনায় অপহূত শিশুর বাবা আহম্মেদ ফারুক পল্টন থানায় এ মামলা করেন।ঘটনার পরদিন শিশুটিকে সিরাজুলের গ্রামের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। ওই সময় সিরাজুল ও মাসুদুরকেও গ্রেপ্তার করা হয়।২০০৫ সালের ৩০ অক্টোবর পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন দুজনকে আসামি করে অভিযোগপত্র দেন। ২০০৬ সালের ১২ মার্চ এ মামলায় অভিযোগ গঠন করা হয়।