একটি ওয়ার্ডে কড়া নিরাপত্তা, দুটিতে ঢিলেঢালা অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত সিসি ক্যামেরা l প্রথম আলো
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত সিসি ক্যামেরা l প্রথম আলো

একের পর এক নবজাতক চুরির পরও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার হয়নি। তিনটি নবজাতক ওয়ার্ডের দুটিতে রয়ে গেছে অবৈতনিক ভাসমান আয়াদের দৌরাত্ম্য, অকেজো হয়ে আছে হাসপাতালের আটটি সিসি (ক্লোজড সার্কিট ক্যামেরা)। বাকি ৪৮ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের ছবি অস্পষ্ট। 
গতকাল রোববার দুপুরে রোগীসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। গত ২১ আগস্ট ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দোতলার ২১৩ নম্বর ওয়ার্ডে একটি নবজাতক চুরি হওয়ার পর হাসপাতালের নবজাতক ওয়ার্ড থেকে ভাসমান আয়াদের তাড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি কর্তব্যে অবহেলার অভিযোগে ওই ওয়ার্ডের সংশ্লিষ্ট নার্স ও কর্মচারীদের সরিয়ে দেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
গতকাল দুপুরে ওই হাসপাতালে গেলে নবজাতক ওয়ার্ডে সেবার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, ২১৩ নম্বর ওয়ার্ড থেকে নবজাতক চুরি হওয়ার পর সেখানকার নবজাতকদের সরিয়ে ২১২ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়েছে। কিন্তু ২১৩ নম্বর ওয়ার্ডের কর্মচারী ও নার্সরাই সেখানে দায়িত্ব পালন করছেন।
তবে ওই ওয়ার্ডে ঢুকতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পালা করে দুজন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। সেখানে ঢুকতে গেলে নিবন্ধন খাতায় নাম-ঠিকানা লিখতে হয়। আবার নবজাতক নিয়ে হাসপাতাল ছাড়ার সময়ও স্বজনদের নাম ও ফোন নম্বর নিবন্ধন করতে হয়। সেখানে গতকাল অবৈতনিক ভাসমান আয়াদের দেখা যায়নি।
তবে ওই ওয়ার্ডের উল্টোচিত্র নিচতলার ১০৬ ও দোতলার ২১৪ নম্বর নবজাতক ওয়ার্ডে। ১০৬ নম্বর ওয়ার্ডে ঢুকতে কাউকেই বাধার মুখে পড়তে হয়নি। ওই ওয়ার্ডে এক নবজাতকের বাবা শ্রীকৃষ্ণ জানান, সরকারি হাসপাতাল হলেও একজন নারী নিজেকে আয়া পরিচয় দিয়ে তাঁর শিশুটিকে পরিচর্যার জন্য দিনে ৮০০ টাকা দাবি করেন। বাচ্চা পরিচর্যার মতো কেউ না থাকায় তাঁকে ৫০০ টাকা দিতে চাইলেও রাজি হননি তিনি।
ওই ওয়ার্ডের আরেক নবজাতকের নানি আলেয়া বেগম বলেন, ‘নিজের নাতি নিজেই দেখাশোনা করি। ভাসমান আয়াদের কাছে নাতি দেওয়ার প্রশ্ন ওঠে না।’
১০৬ নম্বর ওয়ার্ডে দেখা হয় ভাসমান আয়া জবেদা বেগমের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘১০-১৫ বছর ধরে এই হাসপাতালে আছি। বেতন পাই না, ওয়ার্ডে কাজ কইরা খাই।’ জবেদা বলেন, তাঁর মতো আরও ১০-১২ জন এই ওয়ার্ডে কাজ করেন।
আট সিসি ক্যামেরা অকেজো: হাসপাতাল ঘুরে জানা যায়, নবজাতক ওয়ার্ডের বারান্দাসহ হাসপাতালের গুরুতপূর্ণ বিভাগগুলো ৫৬টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। এগুলোর আটটি অকেজো। বাকি ৪৮টি সিসি ক্যামেরার নিরাপত্তা কেব্ল পুরোনো হওয়ায় এগুলোর ছবি অস্পষ্ট।
জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ২১২ নম্বর ওয়ার্ডের মতো বাকি দুই ওয়ার্ডের নিরাপত্তাও জোরদার করা হবে। দুই ওয়ার্ডে থাকা অবৈতনিক ভাসমান আয়াদের বের করে দেওয়া হবে। এ ছাড়া ভাসমান আয়া আনার সঙ্গে জড়িত সন্দেহে অভিযুক্ত আলম সর্দারকে অন্য ওয়ার্ডে বদলি করা হবে।
পরিচালক বলেন, বজ্রপাতে তার পুড়ে সিসি ক্যামেরাগুলো অকেজো হয়েছে, এগুলো সচল করা হবে। বাকি ৪৮ সিসি ক্যামেরার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ২০ আগস্ট ভোরে ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা রুনা আক্তার ওই হাসপাতালে যমজ ছেলেসন্তান প্রসব করেন। পরদিন সকালে তাঁর একটি নবজাতককে নিয়ে পালিয়ে যান পারভীন নামে একজন নারী। ২৮ আগস্ট রাতে ঢাকার অদূরে টঙ্গীর বোর্ডবাজারে বেলি আক্তারের বাসা থেকে ওই নবজাতককে উদ্ধার করে র্যাব। শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয় তার মা-বাবার কাছে। এ সময় পারভীন ও বেলি আক্তারকে গ্রেপ্তার করা হয়। তাঁরা এখন কারাগারে আছেন।