একটি কোচ রেখেই চলে গেল ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেন
প্রতীকী ছবি

সংযোজন করতে না পারায় ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেন একটি কোচ ছাড়াই ঢাকার কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি কমলাপুর স্টেশন ছাড়ে। ফলে ছেড়ে যাওয়া সেই কোচের যাত্রীরা যেতে না পেরে চরম ভোগান্তিতে পড়ে।

এর আগে আজ সকাল ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনের মাইকে ঘোষণা করতে শোনা যায়, ‘আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনের “ট” কোচ সংযোজন করা সম্ভব হয়নি। যে যাত্রীরা একতা ট্রেনের “ট” কোচের টিকিট ক্রয় করেছিলেন, তাঁদের ৫ নম্বর কাউন্টারে টিকিট ফেরত দিয়ে সমপরিমাণ টাকা বুঝে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।’

বিষয়টি নিয়ে কথা বলতে কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ারকে ফোন করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

তবে কমলাপুর রেলস্টেশনে উপস্থিত সাংবাদিকেরা প্রশ্ন করেন, এখন এই যাত্রীরা কীভাবে যাবে? জবাবে মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘জীবন বড় নাকি যাওয়া বড়?’

টাকা ফেরত দেওয়া সমাধান নয়। এ মুহূর্তে তো নষ্ট কোচের একটা রিপ্লেস থাকতে হবে, এমন কথার পরিপ্রেক্ষিতে মাসুদ সারওয়ার বলেন, ‘কোচ থাকলে আমরা দিতাম। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি দেওয়ার। আগামীকাল থেকে কোনো কোচ রিপ্লেস ছাড়া যাবে না।’