পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, সম্প্রতি রোহিঙ্গা ইস্যুতে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করেছিল। সেই গোষ্ঠীই মূল সংবিধানকে পরিবর্তন করে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে।গতকাল শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশ ইতিহাস সমিতি ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আয়োজনে ‘স্বাধীনতার চার দশক: বাংলাদেশ ও বহির্বিশ্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল প্রতিপাদ্য হলো: সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। ইতিপূর্বে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বৈরী সম্পর্ক করে একটি গোষ্ঠী দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিল। আমরা এত কিছুর পরও খাদ্য, নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিদ্যুৎ , সমুদ্রসীমা অর্জন, পররাষ্ট্রনীতি ইত্যাদিতে কাঙ্ক্ষিত উন্নয়ন করেছি।’সেমিনারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী (প্রতিমন্ত্রী) বলেন, ‘যারা একদিন বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিল, তারাই আজ প্রধানমন্ত্রীকে গুরুত্বপূর্ণ পদকে ভূষিত করেছে।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্বের আর কোনো জাতি এত রক্তের বিনিময়ে স্বাধীনতা পায়নি। সেদিক থেকে বহির্বিশ্বে বাংলাদেশের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।’ বাংলাদেশ ইতিহাস সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আবু মো. দোলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশফাক হোসেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম প্রমুখ।