রাজধানীর মগবাজার মোড়ে আজমেরী গ্লোরি পরিবহনের যে দুই বাসের রেষারেষিতে পিষ্ট হয়ে রাকিবুল হাসান (১৪) নামের কিশোরের মৃত্যু হয় গত বৃহস্পতিবার, সেই বাস দুটির একটি চালাচ্ছিলেন চালকের সহকারী মনির হোসেন (২৭) এবং অপর বাসের চালক ইমরান হোসেন (৩৪) ওই সময় মাদকাসক্ত ছিলেন।
আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
কিশোর রাকিবুল হাসান ছিল হকার। বাসে মাস্ক বিক্রি করত সে। দুটি বাস একে অন্যকে পেছনে ফেলতে রেষারেষিতে জড়ালে মাঝখানে পড়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় দুই বাসের চালককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন এ মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ২০ জানুয়ারি বিকেল ৫টার দিকে মগবাজার মোড়ে আজমেরী গ্লোরি পরিবহনের দুটি বাসের মধ্যে পড়ে আহত হয় রাকিবুল হাসান। ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর দুই ঘাতক চালক বাস দুটি ফেলে পালিয়ে যান। কিশোর রাকিবুল হাসানের পরিবারের পক্ষ থেকে ওই দিন রাতে সড়ক ও পরিবহন আইনে রমনা মডেল থানায় একটি মামলা করা হয়। এরপর র্যাব জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা চালায়।
র্যাবের পরিচালক খন্দকার আল মঈন বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার চালকের সহকারী মনির হোসেন র্যাব কর্মকর্তাদের জানিয়েছেন, তিনি পাঁচ বছর মধ্যপ্রাচ্যে কর্মরত ছিলেন। তিন মাস আগে বাংলাদেশে আসেন, কাজের খোঁজে ঢাকায় আসেন দেড় মাস আগে। এক মাস থেকে আজমেরী গ্লোরি গাড়ির চালকের সঙ্গে ওই গাড়িতে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা মজুরিতে চালকের সহকারী হিসেবে কাজ শুরু করেন। তবে তিনি মাঝেমধ্যে বাসটি নিজেও চালাতেন।
মনির হোসেন বলেন, ২০ জানুয়ারি বিকেল ৪টার দিকে বাসটি নিয়ে (ঢাকা মেট্রো-ব-১৫-৫৭৮৭) সদরঘাট থেকে গাজীপুর চন্দ্রার উদ্দেশে রওনা করেন গাড়ির মূল চালক সুমন। তবে গুলিস্তানে আসার পর তিনি গাড়িটি তাঁর (মনির হোসেন) দায়িত্বে দিয়ে যান। এরপর তিনি গাড়িটি চালিয়ে মগবাজার মোড় পর্যন্ত আসেন।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মনির ও ইমরান বলেন, মগবাজার মোড়ের সিগন্যাল ছেড়ে দিলে দ্রুতই গাড়ি দুটি এগিয়ে যাচ্ছিল। তাঁদের উদ্দেশ্য ছিল, পরের স্টপেজে যে বাস আগে পৌঁছাতে পারবে, সে বাসের জন্য অপেক্ষারত বেশি সংখ্যক যাত্রীদের বাসে তুলতে পারবেন। এ অবস্থায় এক গাড়ি অন্যটিকে ওভারটেক করার সময় দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে কিশোর রাকিবুল হাসান। ঘটনার পরপরই তাঁরা বাস দুটি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
র্যাবের পরিচালক আল মঈন বলেন, জিজ্ঞাসাবাদে ইমরান হোসেন বলেছেন তিনি মালিকের কাছ থেকে দৈনিক ৩ হাজার ৫০০ টাকা হারে ভাড়ায় নিয়ে বাসটি চালাতেন। ইমরান মাদকাসক্ত থাকার কথা স্বীকার করেছেন। ২০২১ সালে কুমিল্লার দাউদকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।
চালক সুমন ও মালিকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে কি না, জানতে চাইলে খন্দকার আল মঈন বলেন, ‘আমরা মামলার পরিপ্রেক্ষিতে চালকের দায়িত্বে থাকা দুজনকে গ্রেপ্তার করেছি। তাঁদের থানায় সোপর্দ করা হবে। তদন্ত কর্মকর্তা যদি তদন্তে দায় পান, তাহলে অবশ্যই আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবেন।’