একটি থার্মাল স্ক্যানার সচল, আরেকটি এখনো অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নষ্ট দুটি থার্মাল স্ক্যানারের (দেহের উত্তাপ মাপার যন্ত্র) মধ্যে একটি সচল করা হয়েছে। গত মঙ্গলবার যন্ত্রটির ক্যামেরা সেন্সরটি সারানো হয়। তবে আরেকটি থার্মাল স্ক্যানার এখনো অচল রয়েছে। নষ্ট হয়ে থাকা স্ক্যানারটি চালুর ব্যাপারে এখনো নিশ্চিত করে জানাতে পারেনি সরবরাহকারী প্রতিষ্ঠান হার্মা অ্যান্ড ফার্ম।

বিশ্বের বিভিন্ন দেশে ইবোলা সংক্রমণের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১৩ নভেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটিসহ মোট ছয়টি থার্মাল স্ক্যানার মেশিন কেনা হয়। সে সময় একেকটি মেশিনের দাম পড়েছিল ৩৫ লাখ টাকা। এই মেশিন দিয়ে বিমানযাত্রীদের শরীরে জ্বর আছে কি না, তা নির্ণয় করা হয়। তবে তিন বছরের কম সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তিনটি থার্মাল স্ক্যানারের দুটি নষ্ট হয়ে যায়। বিমানবন্দরে শুধু বিশেষ মর্যাদাসম্পন্ন ব্যক্তিদের প্রবেশের পথে বসানো স্ক্যানারটি সচল ছিল। সম্প্রতি সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যায়। দেশটিতে জিকা আক্রান্ত ১৯ জন বাংলাদেশিকে শনাক্ত করা হয়। এ ছাড়া রোগটি প্রতিবেশী মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ছড়িয়ে পড়ে। এ জন্য ৩ সেপ্টেম্বর থেকে শাহজালাল বিমানবন্দরসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে জিকা ভাইরাস শনাক্ত করার কার্যক্রম শুরু হয়। কিন্তু দুটি স্ক্যানার মেশিন নষ্ট থাকায় বিপুলসংখ্যক যাত্রীর জ্বর মাপতে হতো সাধারণ থার্মোমিটার দিয়ে। এ নিয়ে ২৬ সেপ্টেম্বর প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন ২৭ সেপ্টেম্বর একটি থার্মাল স্ক্যানারের ক্যামেরা সেন্সর নামক যন্ত্রাংশটি পরিবর্তন করা হয়।

প্রায় দুই মাস অচল থাকার পর একটি থার্মাল স্ক্যানার চালু হওয়ায় বিমানযাত্রীদের জ্বর শনাক্ত করার কাজ দ্রুত সম্ভব হচ্ছে। থার্মাল স্ক্যানারের সঙ্গে কেবল (তার) দিয়ে একটি মনিটরে সংযোগ দেওয়া হয়। স্ক্যানারের ক্যামেরা সেন্সরের মাধ্যমে একজন মানুষের শরীরের জ্বর নির্ণয় করা যায়। মনিটরের মধ্যে যাত্রীর দেহের রং যদি সবুজ দেখা যায়, তাহলে ধরে নিতে হবে তাঁর শরীরে জ্বর নেই। আর জ্বর থাকলে ওই যাত্রীর দেহ মনিটরে লাল রঙের হবে। এসব তথ্য দিয়ে শাহজালাল বিমানবন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, থার্মাল স্ক্যানার দিয়ে হেঁটে গেলেই একজন যাত্রীর জ্বর নির্ণয় করা সম্ভব। তবে হ্যান্ডহেল্ড থার্মোমিটার দিয়ে একই প্রক্রিয়ায় সময় চলে যায় প্রায় এক মিনিট।

অচল স্ক্যানারটি সচল হলে জিকা ভাইরাস শনাক্ত করার কাজ আরও দ্রুত করা যাবে বলে জানান বিমানবন্দর-সংশ্লিষ্ট ব্যক্তিরা। স্ক্যানারটি সচল করার ব্যাপারে হার্মা অ্যান্ড ফার্মের প্রকৌশলী ও থার্মাল স্ক্যানারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জহুরুল ইসলাম অনিক প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমাদের অথরিটি (কর্তৃপক্ষ) বলতে পারবে। আশা করছি খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। তবে পুরো মেশিন নয়, এর যন্ত্রাংশ নষ্ট হয়েছে।’