একটি পরিবার দিনে চারটি পলিথিন ব্যাগ ব্যবহার করে
ঢাকা শহরে একটি পরিবার প্রতিদিন গড়ে চারটি পলিথিন ব্যাগ ব্যবহার করে। সে হিসাবে শুধু ঢাকা শহরে প্রতিদিন প্রায় ১ কোটি ৪০ লাখের বেশি পলিথিন ব্যাগ একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয়। এই তথ্য তুলে ধরে রাজধানীতে আয়োজিত এক সভায় বক্তারা বলেন, পলিথিন নিষিদ্ধ আইন বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তরের ভূমিকা প্রশ্নবিদ্ধ।
জাতীয় প্রেসক্লাবে গতকাল রোববার ‘নিষিদ্ধ পলিথিনে পরিবেশ বিপর্যয় এবং পাটজাত ও পরিবেশবান্ধব পণ্যের চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বাংলাদেশ পরিবেশবান্ধব শপিং ব্যাগ প্রস্তুতকারক অর্গানাইজেশন (বিইএসএমও) ও কেরানীগঞ্জ শপিং ব্যাগ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সভাটির আয়োজন করে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পবার নির্বাহী সাধারণ সম্পাদক আবদুস সোবহান। এতে বলা হয়, বর্তমানে দেশে এক ধরনের রঙিন পলিথিনের টিস্যু ব্যাগ (যা চায়না টিস্যু নামে পরিচিত) তৈরি হচ্ছে। এসব ব্যাগ দেখতে কাপড়ের মতো হলেও আগুনে গলে যায়। প্রতিদিন এ ধরনের প্রায় ৩০ লাখ ব্যাগ উৎপাদন ও বাজারজাত হচ্ছে। বুয়েটের কেমিক্যাল প্রকৌশল বিভাগের গবেষণায় এসব টিস্যু ব্যাগে পলিথিনের মতো পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান পাওয়া গেছে।
সভার প্রধান অতিথি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ছয়টি পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করায় পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ২০ লাখ বেল পাটের অভ্যন্তরীণ চাহিদা সৃষ্টি হয়েছে। সরকার শুধু রপ্তানিকাজে ব্যবহারের জন্য পাঁচ শতাংশ শুল্কে পলিথিনের কাঁচামাল আমদানির অনুমতি দিয়েছে। বাস্তবে এসব কাঁচামাল ব্যবহার করে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পলিথিন ব্যাগ উৎপাদন হচ্ছে।
সভায় বক্তারা বলেন, বিশ্বে পাটের চাহিদা বাড়লেও আমাদের দেশে অবহেলা ও সচেতনতার অভাবে পাটজাত ব্যাগের ব্যবহার কম। পাটশিল্পকে উজ্জীবিত করতে সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে, জনগণকেও সচেতন হতে হবে। ধান, চাল, গম, ভুট্টা, চিনি ও সার মোড়কীকরণে শতভাগ পাটের বস্তা ব্যবহারের বিধান বাস্তবায়নে সম্প্রতি পাট মন্ত্রণালয় এবং পাট অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহতভাবে চালিয়ে যেতে হবে।
আলোচনা সভা থেকে কিছু সুপারিশ করা হয়। এর মধ্যে পলিথিন নিষিদ্ধকরণ আইন এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা; পলিথিন ও টিস্যু ব্যাগের বিকল্প হিসেবে পাট, কাপড়, কাগজের ব্যাগ ও ঠোঙা ব্যবহার, পলিথিন ও টিস্যু ব্যাগ তৈরির কাঁচামাল আমদানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ অন্যতম।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লা চৌধুরী, বিজেএমসির পরিচালক বাবুল চন্দ্র রায়, বিইএসএমওর সভাপতি আব্দুর রানা প্রমুখ বক্তব্য দেন।