ফায়ার সার্ভিসের ছাড়পত্র না থাকায় রাজধানীতে গতকাল মঙ্গলবার একটি ১৬ তলা ভবন ও তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ছাড়পত্র নিলেও শর্তগুলো যথাযথভাবে পালন না করায় অপর একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত বিকেল চারটার দিকে ৮০/এ সিদ্ধেশ্বরী রোডের (মালিবাগ মোড়ে) ১৬ তলা শাহজালাল টাওয়ারে অভিযান চালান। নিয়ম থাকলেও ভবনটি নির্মাণের আগে ও এতে বসবাস শুরুর আগে ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেওয়া হয়নি। ভবনে অগ্নি প্রতিরোধের ব্যবস্থাও পর্যাপ্ত নয়। এ ছাড়া বহুতল ভবনে জরুরি বহির্গমন ব্যবস্থা রাখার নিয়ম থাকলেও এই ভবনে তা দেখতে পাননি আদালত। এসব কারণে আদালত ভবনটিকে এক লাখ টাকা জরিমানা করেন।এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত উত্তর বাড্ডার হাছেন উদ্দিন রোডের টিউলিপ থ্রেড নামের সুতা-বোতাম তৈরি ও রঙের কারখানায় অভিযান চালান। এই প্রতিষ্ঠানেও ফায়ার সার্ভিসের ছাড়পত্র না থাকায় এটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত। এরপর আদালত একই এলাকার স্বাধীনতা সরণির ২১৮ নম্বর ভবনে অবস্থিত তৈরি পোশাক কারখানা জেরিন গার্মেন্টস লিমিটেডে যান। ফায়ার সার্ভিসের ছাড়পত্র না নেওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।পরে আদালত মেরুল বাড্ডার আফতাব নগরে মার্ক কোম্পানিতে যান। এই প্রতিষ্ঠান ফায়ার সার্ভিসের ছাড়পত্র নিলেও শর্তগুলো যথাযথভাবে পালন করেনি। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ফায়ার সার্ভিসের ছাড়পত্র না নেওয়ায় একই এলাকার আনন্দ প্রিন্টার্সকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন-২০০৩-এর বিধান অনুযায়ী একটি ভবন ও চারটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই ভবনের মালিক ও প্রতিষ্ঠানগুলোকে আগামী এক মাসের মধ্যে ফায়ার সার্ভিসের ছাড়পত্র গ্রহণ ও শর্তগুলো পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।অভিযানকালে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জহুরুল আমিন মিয়া, মনির হোসেন ও বিভিন্ন কর্মকর্তাসহ একটি দল। ঢাকা মহানগর দাঙ্গা পুলিশের একটি দল আদালতকে সহায়তা করে।