একটি মামলাও নিষ্পত্তি হয়নি

এক বছর আগে অস্ত্র, বিশেষ ক্ষমতা আইন ও দুর্নীতি মামলায় বিচার শুরু হলেও সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনির হোসেন

প্রায় দুই বছর আগে অস্ত্রসহ গ্রেপ্তার মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে করা মামলাগুলোর বিচার এগোচ্ছে না। এক বছর আগে অস্ত্র, বিশেষ ক্ষমতা আইন ও দুর্নীতি মামলায় বিচার শুরু হলেও সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি।

আর মাদক মামলার বিচার অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে রয়েছে। এর বাইরে অর্থ পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার তদন্ত শেষ হয়নি। অবশ্য অর্থ পাচার ছাড়া বাকি পাঁচ মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন মনির।

অস্ত্র মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। মাদক মামলাটি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। এ ছাড়া দুর্নীতির মামলাটি ঢাকার বিশেষ আদালত-৭–এ বিচারাধীন। এ ছাড়া বিশেষ ক্ষমতা আইনের মামলার বিচার চলছে সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে।

আরও পড়ুন

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, অস্ত্র মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষ হলে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শেষ হবে। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ১০ বছর আগের অবৈধ সম্পদ অর্জনের মামলায় গত বছর মনিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা পড়ে। গত বছরের ১৬ সেপ্টেম্বর বিচার শুরু হয়েছে। তবে সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি।

মনির হোসেন একজন ব্যবসায়ী। সরকারকে তিনি নিয়মিত কর দেন। তাঁকে হয়রানি করার জন্য এসব মামলা দেওয়া হয়েছে। নিশ্চয় তিনি আদালতের কাছ থেকে ন্যায়বিচার পাবেন।
দবির উদ্দিন, মনির হোসেনের আইনজীবী

রাজধানীর মেরুল বাড্ডার বাসায় ২০২০ সালের ২০ নভেম্বর অভিযান চালিয়ে মনিরকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় একটি বিদেশি পিস্তল, চার লিটার বিদেশি মদ, ৩২টি নকল সিল, ৮ লাখ টাকার বেশি মূল্যমানের বিদেশি মুদ্রা, ৬০০ ভরি স্বর্ণালংকার ও ১ কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় বাড্ডা থানায় পৃথক তিনটি মামলা হয়।

পরে মনিরের অবৈধ সম্পদ ও অপরাধলব্ধ আয়ের তথ্য–প্রমাণ পেয়ে গত বছরের ১১ মে অর্থ পাচার আইনে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এক বছর পার হলেও মামলাটির তদন্তকাজ শেষ হয়নি। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ছাদেক আলী প্রথম আলোকে বলেন, মামলার তদন্তকাজ শেষ পর্যায়ে রয়েছে। যত দ্রুত সম্ভব আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

মাদক মামলার বিচার নিয়ে এপিপি সালাহউদ্দিন আহমেদ বলেন, চার বোতল বিদেশি মদ রাখার মামলায় মনিরের বিরুদ্ধে এখনো অভিযোগ গঠন হয়নি। আগামী ৪ জুলাই অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।

অবশ্য মনির হোসেনের আইনজীবী দবির উদ্দিন প্রথম আলোকে বলেন, মনির হোসেন একজন ব্যবসায়ী। সরকারকে তিনি নিয়মিত কর দেন। তাঁকে হয়রানি করার জন্য এসব মামলা দেওয়া হয়েছে। নিশ্চয় তিনি আদালতের কাছ থেকে ন্যায়বিচার পাবেন।

অর্থ পাচার মামলার কাগজপত্রের তথ্য বলছে, গোল্ডেন মনির ও তাঁর স্বার্থ–সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ১২৯টি ব্যাংক হিসাবে ৭৯১ কোটি ৫ লাখ ৯৬ হাজার ৫২৩ টাকা জমা করা হয়। এই আয়ের একটি অংশ সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যদের নিয়ে পরস্পর যোগসাজশে যৌথ ও একক নামে ব্যবসায় বিনিয়োগ করে স্থাবর-অস্থাবর সম্পত্তিতে রূপান্তর করেছেন।

আরও পড়ুন

মনিরকে গ্রেপ্তার করার পর র‍্যাবের পক্ষ থেকে বলা হয়, নব্বইয়ের দশকে গাউছিয়া মার্কেটের কাপড়ের দোকানের বিক্রয়কর্মী ছিলেন মনির। এরপর মৌচাক মার্কেটের ক্রোকারিজের দোকানে চাকরি নেন। এরপর তিনি বিমানবন্দরকেন্দ্রিক লাগেজ পার্টি ও সোনা চোরাচালানে জড়িয়ে পড়েন।

পরিচিতি পান ‘গোল্ডেন মনির’ নামে। বিক্রয়কর্মী থেকে লাগেজ পার্টিতে যোগ দেওয়ার পর মনির শুরুতে কর ফাঁকি দিয়ে কাপড়, প্রসাধনসামগ্রী, ইলেকট্রনিক পণ্য, কম্পিউটার–সামগ্রীসহ বিভিন্ন মালামাল আনা-নেওয়া করতেন। একপর্যায়ে আকাশপথে সোনা চোরাচালানে জড়িয়ে পড়েন।

সিআইডির তথ্য বলছে, অপরাধলব্ধ আয় দিয়ে গোল্ডেন মনির স্ত্রী, ছেলে এবং তাঁর নিজের নামে সরকারি ২০টিসহ ৩০টি প্লট, ১৫টি ভবন, ১টি আবাসন প্রতিষ্ঠান এবং ২টি গাড়ির শোরুম করেছেন। অথচ এই মনির হোসেন ২০০৯ সালে দুদকের কাছে সম্পদের হিসাব বিবরণীতে উল্লেখ করেছিলেন, স্থাবর সম্পদের পরিমাণ ৩ কোটি টাকা। আর অস্থাবর সম্পদের পরিমাণ ৬৭ লাখ টাকা।