একটি সেলাইমেশিন পেতে এত শর্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ দরিদ্র নারীদের পা-চালিত সেলাইমেশিন দিচ্ছে সরকার। মেশিনটি পেতে একজন দরিদ্র নারীকে সরাসরি মন্ত্রী বরাবর আবেদন করতে হচ্ছে। আবেদনপত্রের সঙ্গে স্থানীয় সাংসদের সুপারিশ দাখিল করতে হচ্ছে। এখানেই শেষ নয়, যার নামে মেশিন বরাদ্দ হচ্ছে সেই দরিদ্র নারীকে দেড় শ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দাখিল করতে হচ্ছে। অঙ্গীকারনামায় নিজের ও সাংসদের স্বাক্ষর থাকতে হচ্ছে। এ ছাড়া জাতীয় পরিচয়পত্র ও উপজেলা নির্বাহী অফিসার/ওয়ার্ড কমিশনার/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে সত্যায়িত করা ছবি জমা দিতে হচ্ছে। আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে মহিলাবিষয়ক অধিদপ্তরের মাধ্যমে গ্রামীণ দরিদ্র নারীদের মধ্যে সেলাইমেশিন বিতরণ কার্যক্রমের চিত্র এটি। এসব শর্ত মেনে একজন দরিদ্র নারীর পক্ষে কীভাবে একটি সেলাইমেশিন সংগ্রহ করা সম্ভব তা নিয়ে অধিদপ্তরের কর্মকর্তারাই প্রশ্ন তুলেছেন।অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরসহ বিভিন্ন বছরের জন্য কেনা এক হাজার ২৩৯টি সেলাইমেশিনের সব এখনো বিতরণ করা হয়নি। মেশিনগুলো অধিদপ্তরের কার্যালয়ে পড়ে আছে। চলতি অর্থবছর এক কোটি টাকায় আরও এক হাজার ৮০০টি মেশিন কেনার প্রক্রিয়া চলছে। অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা-কর্মচারী বলেন, টেকনাফ বা দেশের অন্য প্রত্যন্ত অঞ্চলের নারীরা ঢাকায় এসে মেশিন সংগ্রহ করতে গেলে তাদের এক থেকে দেড় হাজার টাকা খরচ হয়ে যায়। স্ট্যাম্প সংগ্রহ করা তাদের জন্য বেশি কষ্টকর।২০০৩ সালে প্রকাশিত সেলাইমেশিন বিতরণ নীতিমালা অনুযায়ী, উপকারভোগী ব্যক্তিকে অবশ্যই নারী হতে হবে। এতিম, বিধবা, দুস্থ, অসহায় ও স্বামী পরিত্যক্ত নারীরা অগ্রাধিকার পাবেন। একজন নারী একবারই মেশিন পাবেন। বর্তমানে প্রত্যেক সাংসদের নামে পাঁচটি করে সেলাইমেশিন বরাদ্দ দেওয়া হয়। সাংসদেরা পাঁচটি নাম সুপারিশ করে প্রশাসনিক মন্ত্রণালয়ে (মহিলা ও শিশু) পাঠান। সেখান থেকে বরাদ্দ আদেশ পাওয়ার পর অধিদপ্তর থেকে বিতরণ করা হয়। এই পাঁচজন নারী সেলাইমেশিন পারেন কি না, দরিদ্র কি না তা যাচাই-বাছাই বা মনিটরিংয়ের কোনো ব্যবস্থা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী বলেছেন, বেশির ভাগ ক্ষেত্রে অধিদপ্তরে নারীরা নিজে উপস্থিত হচ্ছেন না। সাংসদদের প্রতিনিধিরা এসে মেশিনগুলো নিয়ে যাচ্ছেন। নীতিমালায় বরাদ্দ আদেশ জারির তিন মাসের মধ্যে মেশিন গ্রহণ না করলে তা বাতিল বলে গণ্য হবে উল্লেখ করা আছে। তবে বর্তমানে তিন মাসের জায়গায় ছয় মাস সময় দেওয়া হচ্ছে।জাতীয় সংসদের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ প্রথম আলোকে বলেন, মেশিন নেওয়ার জন্য নারীদের ঢাকায় টেনে আনার বিষয়টি যথাযথ নয়। তিনি বলেন, মেশিন নেওয়ার জন্য দেড় শ টাকার স্ট্যাম্পের বাধ্যবাধকতাও যৌক্তিক নয়। তিনি বলেন, হাজার হাজার দুস্থ নারীর মধ্যে পাঁচজনকে মেশিন দিতে গিয়ে সাংসদদেরও বিব্রত হতে হচ্ছে। অধিদপ্তরের পরিচালক নিজামউদ্দিন-আল হোসাইনী প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মসূচিতে যেসব নারী সেলাইমেশিন প্রশিক্ষণ নিচ্ছেন তাদের মেশিনগুলো দেওয়ার ব্যবস্থা করতে হবে।