একদিন ঠিকই ঘুরে দাঁড়াব
>করোনাভাইরাস পাল্টে দিয়েছে সবার জীবনের বাস্তবতা। আমরা এখানে শুনছি পাঠকের দৈনন্দিন অভিজ্ঞতার কথা। তাঁরা লিখছেন পরিবারের আনন্দ-বেদনাভরা গল্প। শোনাচ্ছেন এ সময়ের কোনো মানবিক সাফল্যের কাহিনি। প্রথম আলো মানুষের সঙ্গে ভাগ করে নিচ্ছে পাঠকের গল্প। দেশ বা প্রবাস থেকে আপনিও লিখুন আপনার অভিজ্ঞতার কথা। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo. com

আচ্ছা! কত দিন হলো বাসায় আছি, দিন গুনতে ইচ্ছে হয় না। রোজ ভোরে আমার ঘুম ভাঙে। একজোড়া শালিকের ভীষণ ব্যস্ততা দেখতে দেখতে মনে পড়ে আমার অফিসের কথা, অফিসের মানুষগুলোর কথা। কেমন আছে সবাই, অনেক দিন কথা হয় না! সকালের নরম আলোয় চা হাতে কখনো দাঁড়াই ব্যালকনিতে, খুব মনোযোগ দিয়ে দেখি এক–দুজন মানুষ। মানুষ দেখার এত সুখ, এত আনন্দ আগে কখনো জানিনি, বুঝিওনি।
আমি শূন্য রাস্তার ধারে আর কতগুলো অচেনা মুখ দেখতে পাই, যাঁরা আমার বা আমাদের অনেকের মতো সৌভাগ্যবান নয়। যাঁদের দিনান্ত পরিশ্রমেই কেবল অন্ন জোট, যাঁরা দিনশেষে কিছু মিললে তবেই বাজার সওদা করে বাড়ি ফিরবে, তবেই জ্বলবে চুলা।
আজকাল ব্যাগভর্তি বাজার করে বাড়ি ফিরতে আমার নিজেকে অপরাধী লাগে। আমি শরমে মরে যাই রাস্তার দুপাশে কর্মহীন মানুষগুলোর পাতা হাতে নিজের মুখচ্ছবি ভাসতে দেখে। আমার বিবেক আমাকে ভর্ৎসনা করে। ঈশ্বর! এত বৈপরীত্য আগে তো এতটা বেমানান লাগেনি! আমি বাসায় ফিরে জামাকাপড় বদলে নিই, হাত ধুই সাবান দিয়ে, হাতের তালু আঙুল ঘষতে ঘষতে যুদ্ধ করি একটি অদৃশ্য শত্রুর বিরুদ্ধে। এ কেমন সময়, মানবতা বিপন্ন!
তবুও দিন কেটে যায়। সারা বছরই আমি কিছু না কিছু বই কিনি। তবে ব্যস্ততায় অনেক না–পড়া বই জমে গেছে বুক শেলফে। এই সুযোগে বইগুলোর পাতায় চোখ রাখি। ইতিহাস আমার প্রিয় বিষয়। আমি খুঁজতে থাকি সময়ের ফেলে যাওয়ায় পাতায় সত্যিকারের গল্প। মানুষের সভ্যতার বিকাশ আর দুঃসময়ের বিরুদ্ধে সংগ্রামের গল্প। আশা জাগে, ভরসা পাই। মানুষ জিতেছে। উঠে দাঁড়িয়েছে বারবার।
আমি পড়ার ঘরের জানালার পর্দাগুলো সরিয়ে দিই। পড়ন্ত বিকেলের এক ফালি রোদ হুমড়ি খেয়ে পড়ে আমার পড়ার টেবিলে। আমি হাত বাড়াই ধরব বলে, ছুঁতে চাই। চায়ের তৃষ্ণা জাগে। দুকাপ চা বানাই। ছাদে যাই, পাখি দেখি। রোজ সন্ধ্যার ঠিক আগে আগে একটা টিয়া আসে আমাদের ছাদে। ছাদের কার্নিশে ওর জন্য যত্ন করে তুলে রাখা পানি খেয়ে যায় রোজ নিয়ম করে। আমার স্ত্রীর সঙ্গে তার ভারি বন্ধুত্ব।
আমার মনে একটা অদ্ভুত বোকা প্রশ্ন জাগে, আচ্ছা, পাখিরা কি জানে মানুষগুলো কী বিপদে আছে!
মা প্রতি সন্ধ্যায় নিয়ম করে ফোন করে, বাবা বুঝতে চায় আমি কিছু লুকাচ্ছি না তো—ভালো আছি ঠিক? সুস্থ আছি তো সত্যি সত্যি। মাকে আশা দিই, কারণ আমি জানি আশা আছে, আশা থাকে। যুদ্ধের ভয়াল ধ্বংস্তূপেও সবুজ জাগে, ফুল ফোটে। এটাই পৃথিবী, এটাই জীবন। মাকে বলি, দেখো, আমরা ঠিক ঘুরে দাঁড়াব।
*লেখক: সুনয়ন দাশ, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা। [email protected]