একাংশ নিজেদেও বৈধ দাবি করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমপক্ষে চার ভাগে বিভক্ত দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের একাংশ (উপাচার্য আনোয়ার ইসলাম) নিজেদের বৈধ বলে দাবি করেছে। ওই অংশ বলেছে, সরকার স্বীকৃত দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয় ধানমন্ডিতে। অন্যরা ঢাকা ও ঢাকার বাইরে সনদ-বাণিজ্য করে বিশ্ববিদ্যালয়টির সুনাম ক্ষুণ্ন করছে। এ অংশ অন্য অংশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে একাংশের উপাচার্য আনোয়ার ইসলাম এ অনুরোধ করেন। ওই অংশে পড়ুয়া শিক্ষার্থীরাও ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এর মধ্যে দাবি পূরণ না হলে তারা আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে।সম্মেলনে বলা হয়, প্রয়াত সৈয়দ আলী নকী নিজে উপাচার্য হতে চাইলে ট্রাস্টে সমস্যা শুরু হয়। ২০০৬ সালে আলী নকী দারুল ইহসান ট্রাস্ট থেকে বেরিয়ে আরেকটি ট্রাস্ট গঠন করেন। এরপর চলতি বছরের প্রথম দিকে ওই দুই গ্রুপের দ্বন্দ্বের সুযোগে আরও দুটি ট্রাস্ট গঠন করা হয়। এসব ট্রাস্টের অধীনে যে যার মতো শাখা খুলে সনদ-বাণিজ্য করে যাচ্ছে। উপাচার্যের পক্ষে তাঁর লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের ওই অংশের রেজিস্ট্রার মো. মাহবুবুল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শফিকুল ইসলাম খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, মালিকানার দ্বন্দ্বে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব এখন হুমকির মুখে। এই সুযোগে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দেশের বিভিন্ন এলাকায় শাখা খুলে সনদ-বাণিজ্য করছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টির সমস্যা নিরসনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সুপারিশ করেছে। শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞাপন দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাস বা শাখায় ভর্তি না হওয়ার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছে।