একাত্তরে নির্যাতিত নারীদের সঠিক সংখ্যা প্রকাশের আহ্বান
একাত্তরের মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের সঠিক সংখ্যা খুঁজে বের করে প্রকাশ করার আহ্বান জানানো হয়েছে নারী মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে। গতকাল শনিবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়।ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট আয়োজিত এ অনুষ্ঠানে পাঁচজন নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন কাঞ্চনমালা, ফিরোজা বেগম, শেখ ফাতেমা আলী, শেখ আমিনা বেগম ও কানন গোমেজ। তাঁদের প্রত্যেককে দেওয়া হয় ক্রেস্ট, উত্তরীয়, শাড়ি ও ১০ হাজার টাকা।আলোচনা সভায় বলা হয়, সরকার বলছে নারী মুক্তিযোদ্ধাদের সংখ্যা এক থেকে দুই লাখ, কিন্তু মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত নারীর সংখ্যা ছয় লাখের বেশি হতে পারে। তাই এসব নির্যাতিত নারীর সঠিক সংখ্যা বের করে তাঁদের যথাযথ সম্মানিত করা সরকার ও সংশ্লিষ্ট সবার দায়িত্ব। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পর আজও এই দেশ নিয়ে ষড়যন্ত্র করছে রাজাকার, আলবদর বাহিনী। তারা একাত্তরের মতো সারা দেশে নারকীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এর জন্য যে যেখানে আছে, সেখান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।সংগঠনের সভাপতি অধ্যাপক নাজমুন নাহারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক মুনতাসীর মামুন, ফেরদৌসী প্রিয়ভাষিণী, মাহফুজা খানম প্রমুখ।