একাত্তরের পরাজয়ের শোধ নিতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে সাম্রাজ্যবাদী শক্তি ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ‘ইতিহাসে বঙ্গবন্ধুর ভূমিকা ও আজকের কর্তব্য’ শীর্ষক ওই আলোচনা সভা গতকাল সোমবার পুরানা পল্টনে সিপিবির কার্যালয়ে মনজুরুল আহসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, সংবিধানের চতুর্থ সংশোধনীর (বাকশাল গঠন) জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি। একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতেই তাঁকে হত্যা করা হয়। সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরুর চক্রান্তের কারণে নেতাজি সুভাষ বসু যা করতে পারেননি, বঙ্গবন্ধু বাঙালির জন্য তা করেছেন। এখন শেখ হাসিনা যদি বঙ্গবন্ধুর আদর্শ বাদ দিয়ে জিয়াউর রহমানের ‘বিসমিল্লাহ’ এবং এরশাদের ‘ইসলাম’ (রাষ্ট্রধর্ম)-এর পতাকা তুলে ধরেন, তার বিরুদ্ধে কমিউনিস্টরা সংগ্রাম করে যাবে। বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমান আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়, সাম্রাজ্যবাদের সঙ্গে আঁতাত করা এবং ক্ষমতায় টিকে থাকার আওয়ামী লীগ।সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বঙ্গবন্ধুর প্রত্যক্ষ খুনিদের বিচার হয়েছে। কিন্তু খুনের পেছনে পরিকল্পনাকারীদেরও বিচারের আওতায় আনতে হবে। এ জন্য সরকারকে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে হবে। ওই আলোচনায় আরও বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় নেতা দিবালোক সিংহ ও জাহিদ হোসেন।