একুশে গ্রন্থমেলার প্রস্তুতি চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমী চত্বরে এখন কর্মমুখর পরিবেশ। বর্ধমান হাউসের সামনে সবুজ প্রান্তর যেন প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে। ভোর থেকে কাজ শুরু, চলছে দিন পেরিয়ে সন্ধ্যা-রাত অবধি। স্টলের অবকাঠামো নির্মাণ, সাজসজ্জায় ব্যস্ত কর্মীরা। একাডেমীর কর্মকর্তারা তদারক করছেন। ফেব্রুয়ারির প্রথম দিনে যথারীতি উদ্বোধন হবে অমর একুশের গ্রন্থমেলা। তার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। একাডেমী চত্বরের মাঝখানে নতুন ভবন নির্মাণের কারণে স্থান কমে যাওয়ায় গতবারের মতো এবারও চত্বরের বাইরে মেলা সম্প্রসারিত হবে। মেলায় অংশগ্রহণের শর্তেও অন্যবারের তুলনায় কিছু কড়াকড়ি করা হয়েছে। ইতিমধ্যে মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থার তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি স্টল বরাদ্দে অনিয়মেরও অভিযোগ উঠেছে একাধিক। আজ মঙ্গলবার লটারির মাধ্যমে প্রকাশকদের বরাদ্দ পাওয়া স্টলগুলোর স্থান বণ্টন করা হবে বলে জানা গেছে একাডেমী সূত্রে। গতকাল সোমবার বাংলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে দেখা গেল, মেলা কর্তৃপক্ষ বিভিন্ন ইউনিটের স্টল বণ্টনের প্রয়োজনীয় প্রস্তুতি চালাচ্ছে। এবার বইমেলা চত্বরের বাইরে সামনের পথের ফুটপাতেও সম্প্রসারিত হচ্ছে। একাডেমীর জনসংযোগ কর্মকর্তা মুর্শিদুদ্দিন আনোয়ার জানান, মেলায় একটি প্যাভিলিয়নসহ ৪২৩টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। স্টলগুলোকে বিন্যস্ত করা হয়েছে প্রকাশক এলাকা, প্রকাশক-বিক্রেতা এলাকা, শিশু কর্নার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং লিটল ম্যাগাজিন এলাকায়। এ ছাড়া ভাষাশহীদ সালাম, রফিক, জব্বার, বরকত ও শফিউর ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ড. মুহাম্মদ শহীদুল্লাহ, আব্দুল করিম সাহিত্য বিশারদ প্রমুখ ব্যক্তিত্বের নামে মেলা চত্বর ভাগ করা হয়েছে। মিডিয়া সেন্টারে থাকবে ইন্টারনেট ও ফ্যাক্স ব্যবহারের সুবিধা। থাকবে লেখক কর্নারও। নাম প্রকাশ না করার শর্তে বাংলা একাডেমীর একজন কর্মকর্তা জানান, একুশে ভবন নির্মাণের কাজ চলতে থাকায় কয়েক বছর ধরেই বইমেলায় স্টল বরাদ্দ নিয়ে হিমশিম খাচ্ছে বাংলা একাডেমী কর্তৃপক্ষ। যার ধারাবাহিকতায় এবারও স্টল বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও কেউ কেউ দুই-তিন ইউনিটের স্টল পেয়ে গেছেন। গ্রন্থমেলার নীতিমালা অনুযায়ী ২০০৯ সালের মেলা থেকে এ বছরের মেলা পর্যন্ত এক বছরের মধ্যে কমপক্ষে ২০টি নতুন বই প্রকাশ করলে অথবা প্রকাশনার মোট বইয়ের সংখ্যা ১০০টি (সৃজনশীল, সাহিত্য, বিজ্ঞান ও গবেষণাধর্মী) হলেই কেবল সেই প্রকাশক স্টল পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। স্টল বরাদ্দে অনিয়মের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘অমর একুশে গ্রন্থমেলার ১৯ সদস্যবিশিষ্ট কমিটি নির্বাচন করেছে কোন প্রতিষ্ঠান কেমন স্টল পাবে। বিভিন্ন অভিযোগ এবং পুনর্বিবেচনার আবেদন গ্রন্থমেলা পরিচালনা কমিটি পুনর্বিবেচনা করে স্টল বণ্টন করা হয়েছে। কেউ যোগ্যতা ছাড়া স্টল পেয়েছে বলে আমার বিশ্বাস হয় না।’ মহাপরিচালকের দেওয়া তথ্যে জানা গেছে, এবারের মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থাগুলোর জন্য অংশগ্রহণের শর্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রকাশিত বইয়ের কপি আর্কাইভ ও জাতীয় গণগ্রন্থাগারে জমা দেওয়া হয়েছে কি না, টিআইএন নম্বর ঠিক আছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে। এ ছাড়া বইমেলায় প্রকাশিত নতুন বইয়ের কপি বাংলা একাডেমীর তথ্যকেন্দ্রে জমা দেওয়ার বিষয়টিও এবার বাধ্যতামূলক করা হচ্ছে। তিনি জানান, এবার একুশে বইমেলার প্রবর্তক চিত্তরঞ্জন সাহার নামে একটি পদক প্রচলন করা হয়েছে।