একুশে পদকের জন্য প্রস্তাব আহ্বান
একুশে পদকের জন্য যোগ্য ব্যক্তিদের নাম আহ্বান করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে ১৫ নভেম্বরের মধ্যে এ-সংক্রান্ত মনোনয়ন প্রস্তাব পাঠাতে হবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, নীতিমালা অনুযায়ী ভাষা আন্দোলন, সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলাসহ শিল্পকলার সব ক্ষেত্র, মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং সরকার-নির্ধারিত অন্য যেকোনো ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ জীবিত অথবা মৃত ব্যক্তি, প্রতিষ্ঠান ও গোষ্ঠীকে একুশে পদক দেওয়া হবে। সে জন্য সংস্কৃতি মন্ত্রণালয় সরকারের সব মন্ত্রণালয় বা বিভাগ, জেলা প্রশাসক ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে মনোনয়ন প্রস্তাব আহ্বান করেছে।একুশে পদক দেওয়ার নীতিমালা এবং মনোনয়ন প্রস্তাবের ফরম সংস্কৃতি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moca.gov.bd) পাওয়া যাবে।