একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার ও একুশের বইমেলাকে ঘিরে চার স্তরের নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির কমিশনার বলেন, চার স্তরের নিরাপত্তার মধ্যে প্রথম স্তর রয়েছে শহীদ মিনারের বেদি ও শহীদ মিনারকেন্দ্রিক। দ্বিতীয় স্তরে জগন্নাথ হল, ঢাকা মেডিকেল, দোয়েল চত্বর, পলাশী ও টিএসসি এলাকা। তৃতীয় স্তরে শাহবাগ, কাটাবন, হাইকোর্ট এলাকা এবং চতুর্থ স্তরে রুফটপ থেকে শহীদ মিনার এলাকা পর্যবেক্ষণ করা হবে, যেন কেউ ওপর থেকে কোনো ধরনের নাশকতা করতে না পারে।
পুলিশ কমিশনার বলেন, একুশে ফেব্রুয়ারি রাজধানীতে নিরাপত্তার জন্য ২০ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এর মধ্যে শহীদ মিনারকেন্দ্রিক আট হাজার পোশাকধারী ও এক হাজার গোয়েন্দা পুলিশ (ডিবি) থাকবে। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টার পর শহীদ মিনার এলাকায় অননুমোদিত লোক ঢুকতে দেওয়া হবে না। ওই দিন সন্ধ্যা সাতটার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রীর মতো সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একই পথ ব্যবহার করতে পারবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপির কমিশনার বলেন, ‘আমি পেশাদার কর্মকর্তা হিসেবে কোনো ব্যক্তি আমার কাছে মুখ্য নয়, আমি নিয়ম ও প্রচলিত আইন মেনে চলব। তবে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার কাছে অনুরোধ করলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ মিনারস্থল ত্যাগ করার পর তাঁকে স্বল্প লোকসহ দোয়েল চত্বর হয়ে প্রবেশের অনুমতি দেওয়া যেতে পারে।’