একুশে বইমেলার পরিসর ও নিরাপত্তা বাড়ছে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় অমর একুশে বইমেলা আয়োজনে বাড়তি নিরাপত্তার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি এবার বাঙালির প্রাণের এই উৎসবের পরিসরও বাড়ছে। গতকাল সোমবার বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার হলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
গতকাল বইমেলা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সভা শেষে মন্ত্রী বলেন, অতীতের সব অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিরাপত্তা নিশ্ছিদ্র করার পরিকল্পনা করছেন তাঁরা। তিনি বলেন, অতীতের মতো এবারও প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত বইপ্রেমীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলা প্রাঙ্গণে থাকবে সাংস্কৃতিক আয়োজন। এ ছাড়া ছুটির দিনে মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
মেলার পরিসর বাড়ানোর কথা জানিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চকেও এবার মেলা প্রাঙ্গণের মধ্যে নিয়ে আসা হবে। একই সঙ্গে মেলার পরিসর উদ্যানের ভেতরে বাংলা একাডেমি-সংলগ্ন রাস্তার কাছাকাছি নিয়ে আসা হবে। যাতে অন্যবারের মতো দূরে মনে না হয়। অর্থাৎ মূল সড়ক থেকে মানুষ সহজেই মেলা প্রাঙ্গণে ঢুকে যেতে পারবে।
নিরাপত্তার বিষয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘বিঘ্ন ঘটানো কঠিন কিছু নয়। একজন বিঘ্ন সৃষ্টিকারী ১০ জন সাধারণ মানুষের ক্ষতি করতে পারে। সেদিক বিবেচনায় আমরা নিরাপত্তাব্যবস্থা নিচ্ছি। পুরো মেলা ও এর আশপাশের এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকবে। পাশাপাশি লাইটিংও থাকবে বেশি এলাকাজুড়ে।’ এ ছাড়া আর্চওয়েতে নিরাপত্তার স্বার্থে তল্লাশির বাধা পেরিয়েই মেলায় প্রবেশ করতে হবে বলে মন্ত্রী জানান। গত বছর বইমেলা চলাকালে টিএসসি এলাকায় খুন হন মুক্তচিন্তার লেখক অভিজিৎ রায়।
গতকালের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, বইমেলার জন্য একটি নির্দিষ্ট নীতিমালা আছে। সেই নীতিমালা পরিপন্থী কোনো প্রকাশনীকে মেলায় আসতে দেওয়া হবে না এবং প্রকাশকদের সঙ্গে বৈঠকে সেটা তাঁরা জানিয়ে দেবেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংস্কৃতি সচিব বেগম আক্তারী মমতাজ, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুর রহমান, বাংলা একাডেমির সচিব আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।