একুশের বইমেলায় হিজবুত তওহিদের বিতর্কিত বই!
উগ্রপন্থী ইসলামী সংগঠন হিজবুত তওহিদের প্রচারপত্র ‘প্রকৃত এসলামের ডাক’ পড়ে উদ্বুদ্ধ হয়েছেন নিম্নবিত্ত পরিবারের গৃহিণী জেবু। তাঁর স্বামী প্রথমে হিজবুত তওহিদের সঙ্গে যুক্ত হন। এখন ওই পরিবারের পাঁচজনের সবাই সংগঠনটির কর্মী। জেবু নারায়ণগঞ্জ থেকে নিজ খরচে এসে প্রতিদিন বইমেলার রাস্তায় দাঁড়িয়ে সংগঠনের একটি বই বিক্রি করেন। কিন্তু বিনিময়ে কোনো টাকা-পয়সা পান না। জেবু মনে করেন, ‘এটি তাঁর সৌভাগ্য। ইসলামের জন্য কিছু করতে পারছেন।’ তাঁর স্বামীর যে দিন ছুটি থাকে, সেদিন তিনিও এ কাজে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে একুশে গ্রন্থমেলায় ঢোকার পথে জেবুর মতো ১৮-২০ জন নারী-পুরুষ বিক্রি করছিলেন ‘দাজ্জাল? ইহুদি-খ্রিষ্টান সভ্যতা!’ বইটির সঙ্গে দুটি সিডি। বইটির লেখক হিজবুত তাওহীদের প্রধান মোহাম্মদ বায়াজীদ খান ওরফে পন্নী। বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৮ সালে। প্রকাশিত হওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে এটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ২০০৯ সালের ১৬ মার্চ মন্ত্রিসভার বৈঠকে সক্রিয় ১২টি জঙ্গি সংগঠনের তালিকা উপস্থাপন করা হয়। ওই তালিকায় হিজবুত তওহিদের নাম ছিল।গত দুই বছরে দেশের বিভিন্ন স্থান থেকে এ বই এবং হিজবুত তওহিদের প্রচারপত্রসহ সংগঠনের অন্তত ১০০ কর্মীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু রাজধানীর বইমেলায় প্রশাসনের নাকের ডগায় বসে সেই বিতর্কিত বই ও সিডি বিক্রি করে চলেছেন হিজবুত তাওহীদের কর্মীরা। জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, অনেক বছর ধরে বইটি বিক্রি হচ্ছে। বইটি বৈধ উল্লেখ করে তিনি বলেন, একজন মন্ত্রী বইটির মোড়ক উন্মোচন করেছেন। এটা বিক্রির জন্য কাউকে গ্রেপ্তার করা যাবে না। তিনি আরও বলেন, দাজ্জাল নামটা শুনতে একটু খারাপ শোনায়, তবে এটি কোনো রাজনৈতিক বই নয়, ইহুদি ও খ্রিষ্টানদের বিরুদ্ধে লেখা। গতকাল বুধবার টিএসসি এলাকায় ১৮-২০ সদস্যের যে দল বইটি বিক্রি করছিল, সে দলের প্রধান রওফ। তিনি জানান, বইমেলা ঘিরে তাঁর জানামতে চারটি দল কাজ করছে। সব দলে আছে ১৫-২০ জন করে। বই বিক্রেতাদের বেশির ভাগই বরিশাল অঞ্চলের। ঢাকার মিরপুর, নারায়ণগঞ্জ ও উত্তরায় মূলত তাঁরা বসবাস করেন। এ পর্যন্ত পাঁচ লাখ কপি বই বিক্রি করেছেন বলে রওফ দাবি করেন। এর বেশির ভাগ বিক্রি হয়েছে এ বইমেলায়।রওফের হিসাবে শাহবাগ থেকে দোয়েল চত্বর মোড় পর্যন্ত অন্তত ৬০ জন কর্মী বইটি বিক্রি করছেন। তাঁদের সবাইকে দেখে মনে হয় নিম্নবিত্ত পরিবারের। কিন্তু বই বিক্রির বিনিময়ে তাঁরা টাকা নেন না। এর কারণ জানতে চাইলে জেবু ও তাঁর পেছনে দাঁড়িয়ে থাকা নির্মাণশ্রমিক রফিক বলেন, ‘বইটি না পড়লে বুঝবেন না। এ জীবন সবকিছু না, পরের একটি জীবন আছে। এখন তাঁরা ঈমানের দাওয়াত দিয়ে চলেছেন।’