একেই বলে মাতলামি!
বিকেলে পূজার আনন্দ উপভোগ। রাতে হলে মদ খেয়ে আড্ডা। একপর্যায়ে হইচই ও ছাত্রদের হাতে পিটুনি। তবু ক্ষান্ত হওয়ার বালাই নেই। মাতাল অবস্থায় এবার হলের কক্ষে তাস খেলতে গিয়ে নিজেদের মধ্যেই বাধল মারামারি। আবারও পিটুনি...।ঘটানাগুলো ঘটেছে গত শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে (এসএম হল)। হলের বাসিন্দা ও ব্যাংকিং দ্বিতীয় বর্ষের ছাত্র জিয়াউর রহমান তাঁর ছয় বহিরাগত বন্ধুকে নিয়ে মদ খেয়ে মাতলামি করলে তাঁদের ভাগ্যে জোটে গণপিটুনি। ছাত্ররা জানান, রাত ১১টার দিকে জিয়াউর ও তাঁর ছয় বহিরাগত বন্ধু হলের ১৬৪ নম্বর কক্ষের দক্ষিণ পাশের বারান্দায় আড্ডা দেন। গভীর রাতে তাঁরা হলের ছাদে মদ খেয়ে হইচই শুরু করেন। এতে ছাত্রদের ঘুম ভেঙে যায়। শুরু হয় জিজ্ঞাসাবাদ। একপর্যায়ে বহিরাগত ব্যক্তিরা মাতাল অবস্থায় হাতাহাতি শুরু করেন সাধারণ ছাত্রদের সঙ্গে। ছাত্ররা তখন তাঁদের পিটুনি দিয়ে ১৬৪ নম্বর কক্ষে আটকে রাখেন। রাত চারটার দিকে মাতাল অবস্থাতেই তাঁরা তাস খেলতে বসেন। ঝগড়া বাধে নিজেদের মধ্যে। এতে অন্য কক্ষের ছাত্রদের ঘুম ভেঙে গেলে আবার তাঁরা পিটুনি খান। দুই দফায় মার খেয়েছেন সাতজনই। আহত অবস্থায় ভোরেই পালিয়েছেন দুজন। বাকি পাঁচজন হলেন জিয়াউর, ইমরান, সাকিব, রিয়াজ ও শামিম। তাঁদের মধ্যে জিয়াউর এসএম হলের ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।