এখন চলছে দা-ছুরি কেনা, শাণ দেওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশু কোরবানি দেওয়ার প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়েছেন রাজধানীবাসী। যাঁদের বাড়িতে পুরোনো দা, বঁটি, ছুরি আছে—তাঁরা সেগুলো শাণ দেওয়ার ব্যবস্থা করছেন। যাঁদের এগুলো নেই—তাঁরা বিভিন্ন এলাকার দোকান থেকে তা কেনার ব্যবস্থা করছেন। গতকাল নগরের কয়েকটি এলাকার দোকান ঘুরে সেই চিত্রই পাওয়া গেল।অলিগলিতে চলছে ছুরি, বঁটি, দা শাণ দেওয়ার কাজ। কোরবানি ঈদের আগের এ সময়টিতে শাণ দেওয়ার পেশায় জড়িত লোকজন দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে আসেন। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে এসব অস্ত্র শাণ দেওয়ার কাজ করেন। ছোট-বড় সব অস্ত্রে ধার দিয়ে তৈরি রাখছেন বাড়ির গৃহিণীরা। এমনটি দেখা যায় মিরপুর ১ নম্বরের এ-ব্লকের ১৫ নম্বর বাসার নিচে। মরিয়ম আক্তার জানান, ঈদের দিনের ঝামেলা এড়ানোর জন্য আগে থেকেই এ কাজ করে রাখছেন তিনি। অস্ত্র ধার দেওয়ার কাজ করছেন ফিরোজ। তিনি বলেন, প্রতিটি অস্ত্র ধার দিতে পারিশ্রমিক নিচ্ছেন ৩০ টাকা। আর বড় হলে ৫০ টাকা। তিনি বলেন, ‘আমরা সারা বছর এই কাজ করি। তাই ঈদ এলে কাজের চাপ বেড়ে যায়।’ নতুন-পুরোনো সব অস্ত্রই ধার দিয়ে চকচকে রাখতে হয়। বড় গরু বা মহিষ জবাই করতে বড় ছুরির প্রয়োজন হয়। আর মাংস বানাতে লাগে চাপাতি। ছাগল-ভেড়া কাটতে ছোট ছুরির প্রয়োজন। এসব অস্ত্রের নির্দিষ্ট কোনো দাম নেই। আকার, স্থান ও ক্রেতা বুঝে দাম চান রায়েরবাজারের দোকানদার ইউনুস মিয়া। তিনি বলেন, ‘ছোট ছুরি বিক্রি হয় ১৫০ থেকে ৩০০ টাকা। আর চাপাতি বিক্রি হয় কেজি হিসেবে। লোহার কেজি ৫০০ থেকে ৫৫০ রাখা হয়।’ আকার অনুযায়ী বিভিন্ন কাঁচি-ছুরির দাম বিভিন্ন রকম নেওয়া হয়। হাড় কাটতে লাগে কুড়াল। কুড়ালের দাম কেজি হিসেবে ধরা হয়। জানান, কারওয়ান বাজারের জব্বার আলি। তিনি বলেন, ‘আফা এহন এই ব্যবসায় তেমন লাভ হয় না, এই সিজন ছাড়া।’ তাঁর দোকানের ক্রেতা আশরাফ হোসেন কিনেছেন চাপাতি। তিনি এসেছেন মিরপুর থেকে। তিনি জানান, একটা চাপাতি কিনতে খরচ হয়েছে ৬৬০ টাকা। মিরপুর ১০ নম্বরের কামারপাড়ার ইসহাক মিয়া জানান, বর্তমানে বিদ্যুৎ, কয়লা ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় তেমন একটা লাভ হয় না। তাই অস্ত্রের দামটা এবার বেশি রাখতে হচ্ছে। তিনি আরও জানান, ‘এই কাজ করে পেট চালাই। তবে এবার কাজ কম থাকায় প্রত্যাশিত লাভ হচ্ছে না।’