বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময় নারীর প্রধান শত্রু হচ্ছে ধর্মীয় মৌলবাদ ও বাজার মৌলবাদ তথা মুক্তবাজার অর্থনীতি। আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত এ সভায় তাঁরা বলেন, নারীমুক্তি ও মানবমুক্তি এক সূত্রে গাঁথা। নারীমুক্তির সংগ্রামকে মানবমুক্তির সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধারণ করা দরকার। কিন্তু বর্তমান নারীমুক্তির আন্দোলন মানবমুক্তি ও রাজনৈতিক আন্দোলন থেকে বিচ্ছিন্ন। গতকাল শনিবার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের মৈত্রী মিলনায়তনে ‘নারীমুক্তি কোন পথে: সাম্প্রতিক প্রেক্ষাপট’ শীর্ষক ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থাপিত মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাবেরী গায়েন বলেন, ধর্মীয় মৌলবাদ নারীকে নানা অবরোধপ্রথায় শৃঙ্খলিত করছে। অন্যদিকে বাজার মৌলবাদ তথা মুক্তবাজার অর্থনীতি নারীকে ভোগবাদী সংস্কৃতির মাধ্যমে পুরুষের ভোগের পণ্য করে তুলছে। মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, নারীমুক্তি মানবমুক্তির অবিচ্ছেদ্য অংশ। তাই মানবমুক্তি ও নারীমুক্তির সংগ্রাম একই স্রোতধারায় মিলিত হতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে নারীমুক্তি ও শ্রেণীমুক্তির অভিন্ন দিন। কিন্তু আজ সেই প্রেক্ষাপট বিস্মৃত।সিপিবির উদ্যোগে গঠিত ‘আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উদ্যাপন কমিটি’র আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে কর্মজীবী নারীর সভাপতি শিরিন আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসিম আখতার হোসাইন, সাপ্তাহিক একতার নির্বাহী সম্পাদক শাহীন রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন।