এখন শুধুই অপেক্ষা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>করোনাভাইরাস পাল্টে দিয়েছে সবার জীবনের বাস্তবতা। আমরা এখানে শুনছি পাঠকের দৈনন্দিন অভিজ্ঞতার কথা। তাঁরা লিখছেন পরিবারের আনন্দ-বেদনাভরা গল্প। শোনাচ্ছেন এ সময়ের কোনো মানবিক সাফল্যের কাহিনি। প্রথম আলো মানুষের সঙ্গে ভাগ করে নিচ্ছে পাঠকের গল্প। দেশ বা প্রবাস থেকে আপনিও লিখুন আপনার অভিজ্ঞতার কথা। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

সময় যখন স্বাভাবিক ছিল

সকালবেলা ঘুম থেকে উঠে যত তাড়াতাড়ি সম্ভব ফ্রেশ হয়ে নাশতা করতে হয়। এরপর তাড়াতাড়ি ড্রেস পরে স্কুলের জন্য রেডি হওয়া। স্কুল শুরু সাড়ে ১১টায়, কিন্তু এর আগে গণিত শিক্ষকের কাছে পড়তে যাওয়া আছে। আম্মুর অস্ত্রোপচার হওয়াতে বাসার কাছে থাকা প্রিয় বান্ধবী তুবা ও আমি একসঙ্গে আসা–যাওয়া করি। রেডি হয়ে ওকে বের হতে বলি। তারপর একসঙ্গে কোচিংয়ে যাই।

আমরা কখনো রিকশায় যাই, তবে বেশির ভাগ সময় হেঁটে। রাস্তায় যেতে যেতে মানুষের চলাফেরা ও আশপাশের পরিবেশ দেখাটাও আমাদের একটা কাজ ছিল। কোচিংয়ের ক্লাস শেষে স্কুলের দিকে দৌড়। প্রথম বেঞ্চে বসাটাও আমাদের একটা শখ। তারপর সারা দিন ক্লাস করা।

টিফিনের সময় সব বন্ধুর সঙ্গে টিফিন শেয়ার করি আমরা। আর কেউ পোলাও, বিরিয়ানি অথবা কোনো সুস্বাদু খাবার আনলে সব বক্স রেখে সেই বক্সের ওপর ঝাঁপিয়ে পড়ি। বক্স শেষ হয়ে যাওয়ার পর দেখা গেল, যে টিফিন এনেছে সে–ই খেতে পারেনি। এরপর সবাই মিলে হাসিতে ফেটে পড়া। স্কুল শেষে আবার ইংরেজি প্রাইভেট। বেশির ভাগ দিনই দেখা যেত, সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্য বাসা থেকে বের হয়েছি। আর বাসায় ফিরেছি তখন বাজে সন্ধ্যা সাতটা। ক্লান্ত শরীর আর বাধা মানতে চায় না। সন্ধ্যার নাশতা হিসেবে কিছু খেয়ে টেবিলে পড়তে বসি। কখনো কখনো মনে হতো...নাহ, আর সম্ভব নয়। অবশেষে পড়া শেষ করে উঠতে উঠতে কখনো কখনো রাত ১২টা অথবা ১টাও বেজে যেত। বিছানায় শোবার পর মনে হতো...আহা, এ যেন স্বর্গরাজ্যের বিছানা। গভীর ঘুমে তলিয়ে যেতাম। সকালে উঠে আবার দৌড়। এভাবেই দিন কাটত। সাপ্তাহিক ছুটির দিনগুলোও ব্যতিক্রম হতো না। দৌড়ের ওপরেই কেটে যাচ্ছিল সময়গুলো।

তবে নিজের জন্য সময় বের করতে পারি না বলে মাঝেমধ্যে এক দিন স্কুল মিস দিয়ে বাসায় নিজের মতো করে লেখাপড়া করতাম। সেই জন্যই ১৬ তারিখ (মার্চ) স্কুলে গেলাম না। বাংলাদেশে করোনাভাইরাস তখন তার প্রথম থাবা বসিয়েছে। যেদিন শুনলাম অত্যন্ত সতর্কতার সঙ্গে করোনার বিস্তার হওয়ার আগেই সরকারিভাবে স্কুল–কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে, শুনে খারাপ লাগল যে আজই স্কুলে গেলাম না। কোচিং থাকাতে বিকেলে বের হলাম। গিয়ে বন্ধুদের সঙ্গে দেখা হলো। জানতে পারলাম, ১৭ মার্চের সব প্রোগ্রামও বন্ধ। ওদের মধ্যেও উত্তেজনা চরমে। এরপর সেদিনই স্যার কোচিংও বন্ধ দিলেন। কিছুটা ভয় পেলাম। তবু তেমন বিচলিত হলাম না। দ্বিতীয় দফায় যখন সরকারি ছুটি ঘোষিত হলো, ভীষণ মুষড়ে পড়লাম।

শুরু ঘরবন্দী জীবন
শুরু হয়ে গেল ঘরবন্দী জীবন। আর তাড়া নেই। তাড়া নেই কোচিংয়ে যাওয়ার। তাড়া নেই ঘুম থেকে ওঠার। ঘুম থেকে ওঠার পর মনে হয়, জীবনের গতি কোথায় যেন থেমে গেছে। এসব অস্বাভাবিক। সকাল কাটে, তো দুপুর কাটে না। আবার বিকেল যায়। দুদিন ছাদে গিয়েছিলাম। পরে শুনলাম, ছাদে যাওয়াও নিষেধ। তাই সেটাও বন্ধ হলো।

আগে ছিল স্কুলে যাওয়ার তাড়া। আর এখন খবরের শিরোনাম দেখার তাড়া। পত্রিকা সরবরাহ বন্ধ হয়ে যাওয়াতে অনলাইন পত্রিকাই এখন ভরসা। প্রতিদিন মনে মনে আশা থাকে। এবার হয়তো দেখব করোনা নামের এক বিধ্বংসী শত্রুর বিরুদ্ধে মানুষ জয়ী হয়েছে। হয়তো মৃত্যুহার কমে গেছে, কিন্তু না, আশাগুলো পূর্ণ হয় না। তবু হাল ছেড়ে দিই না। দোয়া করে যাই প্রতিদিন। সন্ধ্যা পার হয়ে রাত আসে, কিন্তু ঘুম আসে না। আগে পরিশ্রমের ওপর থাকতে থাকতে শরীর ক্লান্ত থাকত আর এখন রাতে ঘুমই আসে না।

আগের মতো পড়াশোনার সেই গতিও আর নেই। টিভিতে ক্লাস হয়। নুর আলম স্যারও গ্রুপ কলে ক্লাস করান। তবু...কোথায় যেন একটা ফাঁক থেকে যায়।

বন্ধুদের সঙ্গে ক্লাস করাটা, বন্ধুর পাশে বসাটাও ভীষণ মিস করি। মনে হয় এ ছুটি বুঝি অনন্তকালের। একটা চাপা আতঙ্ক বারবার মনের কোণে উঁকি দেয়। কবে স্কুল খুলবে? কবে আবার সব স্বাভাবিক হবে? কবে...কবে...এ যেন এক যুদ্ধ। ছোট্ট এক অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানবজাতির যুদ্ধ। কবে শেষ হবে এই যুদ্ধ? মহান আল্লাহ তায়ালাই ভালো জানেন।

আব্বুর ব্যাংক খোলা, ভীষণ ভয় নিয়ে থাকি। আব্বু প্রেশার, ডায়াবেটিস ও হার্ট সার্জারির রোগী। তবু রিস্কের মধ্যে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। তাই ঘরে ঢুকে প্রথমেই বাথরুমে ঢোকা। এভাবেই অতিসতর্ক পদক্ষেপে আমরা দিন পার করছি।

ইমু আপুর অনার্সের থার্ড ইয়ারের পরীক্ষা কবে হবে, তারও নিশ্চয়তা নেই। ছোট বোন জেবার তেমন দুশ্চিন্তা নেই। সে বেশ হেসেখেলেই দিন কাটাচ্ছে, কিন্তু তার মনেও প্রশ্ন, ‘স্কুল কবে খুলবে?’

আম্মুও অত্যন্ত সতর্ক পদক্ষেপে প্রতিটা কাজ করেন। অত্যন্ত সতর্ক। এভাবেই দিন কেটে যাচ্ছে আমাদের। তবু বাইরের পৃথিবীটাকে খুব মিস করি। স্কুলটাকে মিস করি। শিক্ষকদের মিস করি। আর মিস করি আমার সদাহাস্যোজ্জ্বল বন্ধুদের। তুবা, মুনমুন, ইরা, খাদিজা, ফাতেমা, চাঁদনী, হিমিকা, সুমাইয়া, দিয়া, অর্ণা, সিমিসহ আমার অসংখ্য দূরদূরান্তে ছড়িয়ে–ছিটিয়ে থাকা বন্ধুরা। অনেকেই গ্রামে চলে গিয়েছে। সবার নাম তো উল্লেখ করা সম্ভব নয়। তবু নোভার বন্ধুরা, তোরা যেখানেই থাকিস...ভালো থাকিস। কষ্ট হলেও এখন ঘরে থাকাটাই সবচেয়ে ভালো। ঘরে থাকি...নিজেও ভালো থাকি...সবাইকে ভালো রাখি। সামাজিক দূরত্ব বজায় রেখে চলি।

এখন ভিডিও কলে প্রিয়জনকে দেখা যায়। সেভাবেই নাহয় এই দিনগুলো পার করি। এটাই সবচেয়ে শ্রেয়। আর...সামর্থ্য অনুযায়ী অসহায়–গরিব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়াই। হাতে হাত রাখার প্রয়োজন নেই। এখন বরং মনটাকে দৃঢ় করে ঐক্যবদ্ধ হই। নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী করোনাভাইরাস প্রতিরোধ করি। তাহলে একদিন আমরা নিশ্চয়ই এই ভাইরাস জয় করতে পারব। আবার আমরা মুক্ত বাতাসে বুক ভরে নিশ্বাস নিতে পারব। আবার বন্ধুর হাত ধরে কানামাছি খেলতে পারব।

স্বরচিত কিছু পঙ্‌ক্তি

পৃথিবীটাকে যদি আবার সাজিয়ে তুলতে চাও
অদৃশ্য এই শত্রুর বিরুদ্ধে লড়াই করে যাও,
আজ আমরা অসহায়—তো কী হয়েছে ভাই?
সুন্দর এক প্রবাদ আছে তুমি কি শোনো নাই?

‘মেঘ দেখে কেউ করিসনে ভয়
আড়ালে তার সূর্য হাসে,
হারা শশীর হারা হাসি
অন্ধকারেই ফিরে আসে।’

বেঁচে থাকলে তো সবই হবে...তা–ই না? তাই এখন শুধুই...অপেক্ষা...।

*লেখক: শিক্ষার্থী, নবম শ্রেণি, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর, ঢাকা।